চীনের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে রাশিয়া বদ্ধপরিকর: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i117838-চীনের_সঙ্গে_সামরিক_সহযোগিতা_শক্তিশালী_করতে_রাশিয়া_বদ্ধপরিকর_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চীনা সমকক্ষ শি জিনপিংকে বলেছেন, বেইজিং-এর সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে তার সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, এশিয়া ও পূর্ব ইউরোপে পশ্চিমা হস্তক্ষেপ বন্ধ করার যে দৃঢ় ইচ্ছা দু’দেশের রয়েছে তারই অংশ হিসেবে এই সামরিক সহযোগিতা শক্তিশালী করা হবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২২ ০৯:৫৬ Asia/Dhaka
  • চীনের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে রাশিয়া বদ্ধপরিকর: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চীনা সমকক্ষ শি জিনপিংকে বলেছেন, বেইজিং-এর সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে তার সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, এশিয়া ও পূর্ব ইউরোপে পশ্চিমা হস্তক্ষেপ বন্ধ করার যে দৃঢ় ইচ্ছা দু’দেশের রয়েছে তারই অংশ হিসেবে এই সামরিক সহযোগিতা শক্তিশালী করা হবে।

ইংরেজি বছর শেষ হওয়া উপলক্ষে গতকাল (শুক্রবার) ভিডিও কলে কথা বলেন দুই প্রেসিডেন্ট। সেখানে পুতিন শি’কে আরো বলেন, আমরা চীন ও রাশিয়া সশস্ত্র বাহিনীর  মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর।  ‘অপ্রত্যাশিত পশ্চিমা চাপ ও উস্কানি’র বিরুদ্ধে মস্কো ও বেইজিং যৌথভাবে যে কঠোর অবস্থান নিয়েছে তার ভুয়সী প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন।

চীন ও রাশিয়ার মধ্যে এই মুহূর্তে ‘ইতিহাসের সবচেয়ে চমৎকার সম্পর্ক’ বিরাজ করছে বলেও অভিমত জানান রুশ প্রেসিডেন্ট। তিনি আগামী শরতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।

এ সময় চীনা নেতা বলেন, গোটা বিশ্বব্যাপী যে ‘কঠিন’ সময় যাচ্ছে তার মোকাবিলায় মস্কোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে বেইজিং প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, রাশিয়ার সঙ্গে ‘কৌশলগত সহযোগিতা’ করতেও চীনের প্রস্তুতি আছে।

পূর্ব ইউরোপে আমেরিকা ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের আগ্রাসী মনোভাব রুখে দিতে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তাইওয়ানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতাকে ভালো চোখে দেখছে না বেইজিং। চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং বেইজিংকে পাশ কাটিয়ে তাইপের সঙ্গে কোনো দেশের সহযোগিতাকে মোটেই ভালো চোখে দেখে না। #

পার্সটুডে/এমএমআই/৩১