ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে
https://parstoday.ir/bn/news/world-i12169-ভূমধ্যসাগরে_বিধ্বস্ত_ইজিপ্ট_এয়ারের_ধ্বংসাবশেষের_খোঁজ_মিলেছে
মিশর সরকার বলেছে, ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস৮০'এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। প্যারিস থেকে কায়রোগামী বিমানটি ৬৬ জন আরোহী নিয়ে গত মাসের ১৯ তারিখে বিধ্বস্ত হয়েছে। গ্রিসের আকাশসীমা ছেড়ে মিশরের আকাশসীমায় ঢোকার দু’মিনিট পরই এয়ারবাসটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৬ ০৮:০৬ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

মিশর সরকার বলেছে, ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ফ্লাইট এমএস৮০'এর ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। প্যারিস থেকে কায়রোগামী বিমানটি ৬৬ জন আরোহী নিয়ে গত মাসের ১৯ তারিখে বিধ্বস্ত হয়েছে। গ্রিসের আকাশসীমা ছেড়ে মিশরের আকাশসীমায় ঢোকার দু’মিনিট পরই এয়ারবাসটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।

বিমানের ধ্বংসাবশেষর ছবি নেয়া হয়েছে এবং সেগুলো মিশরীয় তদন্ত কমিটিকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী। সাগর তলের কয়েকটি স্থানে এ সব ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানানো হলেও এগুলোর আকার বা কোনো কোন স্থানে পাওয়া গেছে তা বিবৃতিতে উল্লেখ করা হয় নি।

এর আগে বিমানটির ভাসমান কিছু ধ্বংসাবশেষ এবং নিহত যাত্রীদের টুকরা টুকরা দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এ সব মিশরের আলেকজান্দ্রিয়া নগরী থেকে ২৯০ কিলোমিটার উত্তরে পাওয়া গিয়েছিল।

এ পর্যন্ত বিমানের একটি ব্ল্যাকবক্সও উদ্ধার করা সম্ভব হয় নি। চলতি মাসের গোড়ার দিকে বিমানের একটি ব্ল্যাকবক্স থেকে সিগন্যাল পাওয়া গেছে বলে তদন্ত দল জানিয়েছিল। চলতি মাসের ২৪ তারিখের মধ্যে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স থেকে সিগন্যাল পাঠানো বন্ধ হয়ে যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিশেষজ্ঞরা।

বিমানটি বিধ্বস্ত হওয়া নিয়ে পরস্পর বিরোধী নানা কথা শোনা গেছে। সন্ত্রাসী হামলার আশংকা উড়িয়ে দেয়া না হলেও এ পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠীই বিমান বিধ্বস্ত হওয়ার দায় স্বীকার করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬