উর্দি পরে প্রকাশ্য স্থানে ঘুরবেন না: বিমান সেনাদের হুঁশিয়ার করল ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i15190-উর্দি_পরে_প্রকাশ্য_স্থানে_ঘুরবেন_না_বিমান_সেনাদের_হুঁশিয়ার_করল_ব্রিটেন
ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র সদস্যদের সামরিক উর্দি পরে প্রকাশ্য স্থানে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরারও পরামর্শ দেয়া হয়েছে। দেশটির নরফ্লোকের আরএএফ মারহাম ঘাঁটির বাইরে দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে এক বিমান সেনাকে অপহরণের চেষ্টা করার পর এ আহ্বান জানানো হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২১, ২০১৬ ১২:১৯ Asia/Dhaka
  • আরএএফ মারহাম ঘাঁটির বাইরে পুলিশ উপস্থিতি জোরদার করা হয়েছে
    আরএএফ মারহাম ঘাঁটির বাইরে পুলিশ উপস্থিতি জোরদার করা হয়েছে

ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফ’র সদস্যদের সামরিক উর্দি পরে প্রকাশ্য স্থানে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্কতার সঙ্গে চলাফেরারও পরামর্শ দেয়া হয়েছে। দেশটির নরফ্লোকের আরএএফ মারহাম ঘাঁটির বাইরে দুই সন্দেহভাজন ব্যক্তি ছুরি নিয়ে এক বিমান সেনাকে অপহরণের চেষ্টা করার পর এ আহ্বান জানানো হলো।

এ ছাড়া, ঘাঁটির বাইরে হেঁটে বা সাইকেলে করে বিমান সেনাদের চলাচল করতে নিষেধ করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় রাত সাড়ে ৩টায় ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এরপর বিমানঘাঁটিতে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেয়া হয়। ফাঁস হয়ে যাওয়া অভ্যন্তরীণ মেমো থেকে জানা যায়, আরএএফ মারহামের প্রধান ফটকের এক মাইল দূরে দিয়ে দৌড়ানোর সময় হামলার মুখে পড়েন একজন বিমান সেনা। সে সময় তার পরনে সামরিক পোশাক বা সঙ্গে কোনো অস্ত্র ছিল না। তাকে অপহরণ করাই হামলার উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ঘাঁটির বাইরে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে এবং এ নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। অবশ্য ব্রিটেনের কোনো কোনো সংবাদপত্র মনে করছে, এটি হয়ত সন্ত্রাসী হামলা ছিল।

সন্ত্রাস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে এ ঘাটি থেকেই টর্নেডো যুদ্ধবিমান দিয়ে আইএসআইএল’র অবস্থানে বোমা হামলা করা হচ্ছে। ঘাঁটিতে চার স্কোয়াড্রন টর্নেডো বিমান রয়েছে। গত ডিসেম্বর থেকে এসব টর্নেডো বিমান দিয়ে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি থেকে সিরিয়ায় হামলা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২১