ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পকে রিপাবলিকানদের সতর্কবার্তা
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু চলমান এই সংঘাত জ্বালানির দাম বাড়িয়ে রেখেছে এবং কিছু রিপাবলিকান সিনেটর এখন তাদের উদ্বেগ প্রকাশ করছেন।
পার্সটুডে জানিয়েছে, রিপাবলিকান আইনপ্রণেতারা, যারা আগে থেকেই আশঙ্কা করছিলেন যে নভেম্বরের (মধ্যবর্তী নির্বাচন) সময়টা একটি কঠিন লড়াইয়ের ক্ষেত্র হবে, তারা এখন তেল, গ্যাসোলিন এবং রাসায়নিক সারের দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্টকে তার চূড়ান্ত অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছেন।
বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর সতর্ক করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট যদি তার পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা না করেন, তবে তিনি তাদের কাছ থেকে ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হতে পারেন। এই মাসের শেষে সংঘাত শুরু হওয়ার ৬০ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন না থাকার ব্যাপারেও তারা সতর্ক করে দেন।
সিনেটর জশ হাওলি বলেন “আমি আশা করি, আমাদের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে এবং গ্যাসের দাম কম রাখতে আমরা এই সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি কৌশলে পৌছাবো।”
অবসরপ্রাপ্ত সিনেটর টম টিলিস ভবিষ্যদ্বাণী করেছেন যে তার দল শেষ পর্যন্ত সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে, কিন্তু বলেছেন যে ইরান যুদ্ধ এবং এর সাথে সম্পর্কিত মূল্যবৃদ্ধি একটি বড় বাধা হতে পারে।
এমনকি জ্যেষ্ঠ রিপাবলিকানরাও সতর্ক করছেন যে, প্রশাসন যদি কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত কয়েক হাজার কোটি ডলারের যুদ্ধ তহবিলের অনুমোদন চায়, তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত অবস্থান সম্পর্কে রিপাবলিকানদের বিস্তারিত জানতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন