ইউরোপীয় কোম্পানিগুলোর দেউলিয়াত্ব বাড়ছে; সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দ্বিতীয় প্রান্তিকে
পার্সটুডে- সাম্প্রতিক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কোম্পানিগুলোর দেউলিয়াত্ব ৫.৭ শতাংশ বেড়ে ২০১৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইইউতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্ব প্রথম প্রান্তিকের তুলনায় ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে নতুন ব্যবসা নিবন্ধনের হার ০.৫ শতাংশ কমেছে।
ইউরোস্ট্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিগুলোর দেউলিয়াত্ব ২০১৯ সালের প্রথম প্রান্তিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের শেষ দিকে এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সাময়িকভাবে কমে যাওয়ার পর দেউলিয়াত্ব আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ইউরোপের কিছু কোম্পানি এখনো অর্থায়ন সংকট, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ার মতো গুরুতর সমস্যার মুখোমুখি।
ইউরোজোনে পরিস্থিতি পুরো ইউরোপীয় ইউনিয়নের গড়ের তুলনায় আরও উদ্বেগজনক। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউরোজোনভুক্ত দেশগুলোতে নতুন ব্যবসা নিবন্ধন আগের প্রান্তিকের তুলনায় ০.১ শতাংশ কমেছে। বিপরীতে, একই সময়ে দেউলিয়াত্বের ঘোষণা ৬.৯ শতাংশ বেড়েছে।
ইউরোস্ট্যাট আরও জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে নতুন ব্যবসা নিবন্ধনের হার ০.৯ শতাংশ এবং ইউরোজোনে ১.৩ শতাংশ কমেছিল।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।