দীর্ঘ বিরতির পর তেহরানে ফ্লাইট চালু করল ব্রিটিশ এয়ারওয়েজ
-
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান
চার বছর বিরতির পর ইরানে আবার সরাসরি ফ্লাইট চালু করেছে ব্রিটেনের রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ইরানের ওপর আরোপিত একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞার জের ধরে ২০১২ সালের অক্টোবরে তেহরানের সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছিল এই বিমান সংস্থাটি।
শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটির ক্যাপ্টেন ছিলেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ পাইলট কমি হোসেইনি।
আপাতত লন্ডনের হিথ্রো এবং তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সপ্তাহে ছয়টি ফিরতি ফ্লাইট চালু করবে ব্রিটিশ এয়ারওয়েজ। চলতি বছরের আরো পরের দিকে প্রতিদিন এ ফ্লাইট পরিচালনা করা হবে।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে ইরানের রাজধানীকে তাদের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল’ বলে অভিহিত করেছে।
আরো আগে ইরানের সঙ্গে বিমান সংস্থাটির যোগাযোগ স্থাপনের কথা থাকলেও গত জুনে এটি ঘোষণা করে, ‘কিছু কারিগরি সমস্যা’র কারণে তেহরানের সঙ্গে ফ্লাইট চালু করতে পারছে না তারা।
এর আগে ফ্রান্সের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিমান পরিবহণ সংস্থা এয়ার ফ্রান্স আট বছরের বিরতির পর গত এপ্রিলে প্যারিস-তেহরান রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩