‘রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়া ভালভাবে এগিয়ে চলেছে’
https://parstoday.ir/bn/news/world-i21382-রাশিয়া_পাকিস্তান_যৌথ_মহড়া_ভালভাবে_এগিয়ে_চলেছে’
পাকিস্তান সেনাবাহিনী বলেছে, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ভালভাবে এগিয়ে চলেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ০৭:৩৪ Asia/Dhaka
  • রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়ায় অংশগ্রহণকারী সেনাদলের একটি অংশ
    রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়ায় অংশগ্রহণকারী সেনাদলের একটি অংশ

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ভালভাবে এগিয়ে চলেছে।

পাক সেনাবাহিনীর প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। এতে আরো বলা হয়েছে, মহড়া উভয় পক্ষের জন্য উপকারী হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হওয়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’ নামের বিশেষ মহড়া যখন পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে তখন এ টুইট বার্তা দেয়া হলো।

এদিকে, পেশোয়ার কোরের কমান্ডার লে. জেনারেল হেদায়েত-উর-রহমান মহড়ায় অংশগ্রহণকারী দু দেশের সেনাদল পরিদর্শন করেছেন। বর্তমানে চেরাতে পাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে মহড়া চলছে। পরিদর্শনের সময় তিনি  মহড়ায় অংশ নেয়া সেনাদের সঙ্গে আলাপ করেন।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ মহড়া। সমাপনী অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে দুঃসাহসিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে রাশিয়া এ মহড়া বাতিল করে দিয়েছে এবং একে ভারতীয় কূটনীতির বিজয় বলে দাবি করেছিল ভারতীয় কোনো কোনো সংবাদমাধ্যম।

শীতল যুদ্ধের সময়কার পরস্পর বিরোধী শিবিরের দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সামরিক মহড়া এরইমধ্যে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তারা এ বিষয়ে গভীরভাবে নজর রাখছেন।

এদিকে, রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়াকে ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতা বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস।

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি বলেছেন, রাশিয়ার ইতিহাসে এই প্রথম পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে দেশটি। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের দৃষ্টিতে এটি ভারতীয় পররাষ্ট্রনীতির ব্যর্থতা বলে অভিহিত করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৮