জটিল পরিস্থিতিতে সিরিয়া: ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করছে রাশিয়া
-
বসফরাস প্রণালী পার হচ্ছে রুশ রণতরী সারপুখভ
সিরিয়ার পরিস্থিতি জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে আবার দুটি রণতরী মোতায়েন করছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এরইমধ্যে দুটি বুয়ান-শ্রেণির ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ভূমধ্যসাগরের দিকে রওয়ানা হয়েছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকা যোগাযোগ স্থগিত করার পর মস্কো এ ব্যবস্থা নিল।
কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের মুখপাত্র নিকোলাই ভসক্রেসেনস্কি দেশটির গণমাধ্যমকে আজ (বুধবার) জানান, জেলিয়নিডল ও সারপুখভ নামে দুটি রণতরী মঙ্গলবার ক্রিমিয়ার বন্দর ছেড়ে গেছে। তিনি জানান, জাহাজ দুটি কৃষ্ণসাগরের প্রণালী পার হয়েছে এবং বুধবার সন্ধ্যা নাগাদ ভূমধ্যসাগরের জলসীমায় পৌঁছানোর কথা। পরে তারা ভূমধ্যসাগরের স্থায়ী ঘাঁটিতে যোগ দেবে। এ দুটি রণতরী থেকে গত ১৯ আগস্ট সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। পরে অবশ্য জাহাজ দুটি কৃষ্ণসাগরে ফিরে গিয়েছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেংকভ গতকাল জানিয়েছেন, সিরিয়ার তারতুস শহরের কাছে রুশ নৌ ঘাঁটি রক্ষার জন্য এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এর একদিন পর ক্ষেপণাস্ত্রবাহী রণতরী মোতায়েনের খবর বের হলো। চলতি সপ্তাহের প্রথম দিকে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চ্যানেলে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫