সিরিয়ায় অনির্দিষ্টকাল থাকবে রুশ সেনা; ফ্রান্সের প্রস্তাবে ভেটো দেবে মস্কো
-
সিরিয়ায় মোতায়েন রুশ বোমারু বিমান
রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা সে দেশের সেনাদেরকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনির্দিষ্টকাল মোতায়েন রাখার বিষয়ে দামেস্কের সঙ্গে করা একটি চুক্তিকে অনুমোদন দিয়েছে।
শুক্রবার দুমার ৪৪৬ জন সংসদ সদস্য সর্বসম্মতভাবে এ চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দেন। চুক্তিটিতে অনুমোদন দেয়ার ফলে এখন রাশিয়ার সেনাদেরকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটিতে যতদিন প্রয়োজন রাখা যাবে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষে দুমার সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন উপ প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ।
সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা শুরুর আগে ২০১৫ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অুনরোধে এ চুক্তি সই হয়। চুক্তিটি অনুমোদনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি ২০১৬ সালের ৯ আগস্ট দুমায় পেশ করেন।
এ চুক্তি অনুসারে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ার ভূখণ্ডে এয়ার গ্রুপ কমান্ডার ও সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ চুক্তির আওতায় রাশিয়া তার সেনাদের নিরাপত্তার প্রয়োজনে সিরিয়ার ভেতরে কিংবা সিরিয়ার বাইরে যেকোনো ধরনের গোলাবারুদ আনা-নেয়া করতে পারবে। এক পক্ষ আরেক পক্ষকে চুক্তি বাতিলে নোটিশ দিলে তা স্থগিত হবে।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের আনা একটি প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। এ প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ায় বেড়ে চলা সামরিক সংঘাতের কারণে দেশটিতে রাশিয়াসহ সব দেশের বিমান উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে চুরকিন বলেন, “এ প্রস্তাব পাস হতে দেব তার কোনো সম্ভাবনাই আমি দেখি না।” শনিবার প্রস্তাবটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮