কারবালার ঘটনা স্মরণে বিশ্বে কোটি কোটি শিয়া মুসলমান পালন করছেন আশুরা
https://parstoday.ir/bn/news/world-i22729-কারবালার_ঘটনা_স্মরণে_বিশ্বে_কোটি_কোটি_শিয়া_মুসলমান_পালন_করছেন_আশুরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ সারা বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমান কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক শাহাদাতের বার্ষিকী উপলক্ষে পবিত্র আশুরা পালন করছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১২, ২০১৬ ১৩:২৮ Asia/Dhaka
  • মহররমের তাজিয়া মিছিল
    মহররমের তাজিয়া মিছিল

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ সারা বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমান কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক শাহাদাতের বার্ষিকী উপলক্ষে পবিত্র আশুরা পালন করছেন।

দুঃশ্চরিত্রের অধিকারী উমাইয়া খলিফা ইয়াজিদকে মেনে নিতে অস্বীকার করার পর হিজরি ৬১ সালের এই দিনে কারবালার ময়দানে ঘটে যায় ইতিহাসের করুণতম ঘটনা; অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয় ইমাম হোসেইনসহ তার বহুসংখ্যক সঙ্গীকে।

আশুরার শোক পালন করতে শিয়া মুসলমানেরা রাস্তা, হোসাইনিয়া ও মসজদিগুলোতে তাজিয়া মিছিলে অংশ নিচ্ছেন। এ ধরনের মিছিলে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। মসজিদ ও হোসাইনিয়াগুলোতে পড়ে শোনানো হচ্ছে কারবালায় ইমাম হোসেইন ও তাঁর ৭২ জন সঙ্গীসাথীর করুণ কাহিনী। মহররমের ১০ তারিখে কারবালার ময়দানে ইয়াজিদের অনুসারি এক লাখ সেনার বিরুদ্ধে এক অসম জিহাদে শহীদ হন রাসূল (স) এর নাতী ও ইমাম আলী (আ) ও ফাতেমা (সা. আ.) এর ছোট ছেলে ইমাম হোসেন।   

মহররমের শোক মিছিলে অংশ নেন প্রেসিডেন্ট রুহানি

মহররম উপলক্ষে নানা ধরনের খাবার-দাবার রান্না করে প্রতিবেশী, আত্মীয়স্বজন, পরিবারের সদস্য এবং গরিব ও এতিমদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া, মহররমের শোকানুষ্ঠানে অংশ নেয়া লোকজনকেও বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে। আশুরা উপলক্ষে ইরান, ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ ইরাকের নাজাফে হযরত আলী (আ) এর পবিত্র মাজারে ও কারবালায় ইমাম হোসেইনের মাজারে শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ইমাম হোসেইনের পবিত্র মাজারে শোক প্রকাশ (ফাইল ফটো)

ইরানের পাশাপাশি কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে আফগানিস্তান, পাকিস্তান, আজারবাইজান, লেবানন, তুরস্কসহ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে শোক পালন করা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২