চীনা বক্তব্যের পরই নিরাপত্তা বিষয়ে বৈঠক করলেন নওয়াজ-রাহিল
-
জেনারেল রাহিল শরীফ ও নওয়াজ শরীফ (ডানে)
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ (সোমবার) জাতীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন। রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোয়াতে ৮ম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের জনক’ বলে অভিহিত করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে আজ ইসলামাবাদকে সমর্থন করে বিবৃতি দেয় বেইজিং।
বিবৃতিতে বেইজিং বলেছে, পাকিস্তান ও ভারত দু দেশই সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তান ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এবং বড় মাপের আত্মত্যাগ করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, বেইজিং মনে করে পাকিস্তানের এ ভূমিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জানানো উচিত। এছাড়া, সন্ত্রাসবাদের সঙ্গে বিশেষ কোনো জাতিগোষ্ঠী, দেশ বা ধর্মকে জড়িত করার বিরোধিতা করে চীন। এ ক্ষেত্রে চীনের ভূমিকা অবিচল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
চীনের এ বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নওয়াজ শরীফ ও জেনারেল রাহিলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
গত মাসের ১৮ তারিখে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দেশ দু’টির মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। গত ১৪ বছরে কাশ্মিরে এ ধরনের হামলা হয় নি।
চীন এবং পাকিস্তান পরস্পরকে সব সময়ের বন্ধু হিসেবে মনে করা হয়। দেশ দু’টির মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক বিরাজ করছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭