‘নওয়াজ শরীফকে লন্ডনের ফ্ল্যাটগুলো উপহার দিয়েছে কাতারের রাজপরিবার’
-
বাবা নওয়াজ শরীফের সঙ্গে মারিয়াম নওয়াজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, লন্ডনে তার নামে যে অ্যাপার্টমেন্ট রয়েছে তা কাতারের রাজপরিবার উপহার দিয়েছে।
পানামগেট কেলংকারির কথা ফাঁস হওয়ার পর ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ বা পিটিআই দল নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির যে মামলা করেছেন সে বিষয়ে আদালতে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্র তুলে ধরতে গিয়ে আজ পাক প্রধানমন্ত্রী এ দাবি করেন।
নওয়াজ শরীফ তার পরিবারের আয়-ব্যয় ও নানা ধরনের খরচের তালিকা সম্বলিত ৩৯৭ পৃষ্ঠার তথ্য-প্রমাণ জমা দেন। এতে দাবি করা হয়েছে, ২০১১ সালে লন্ডনে অ্যাপার্টমেন্ট কেনা হয় এবং এজন্য উপহার হিসেবে সব অর্থ পরিশোধ করেছেন কাতারের একজন যুবরাজ। এ বিষয়ে নওয়াজের ছেলে-মেয়েদের আইনজীবী আকরাম শেখ কাতারের যুবরাজ শেখ মুহাম্মাদ বিন আলে সানির পক্ষ থেকে দেয়া একটি চিঠিও আদালতে পেশ করেছেন। এ সময় বিচারপতি খোসা শরীফ পরিবারের আইনজীবীর কাছে জানতে চান- কাতারের যুবরাজ সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হবেন কিনা। এছাড়া, লন্ডন ফ্ল্যাটের বিষয়ে নওয়াজ শরীফের আগের অবস্থানের সঙ্গে এ চিঠির সাংঘর্ষিক বক্তব্যের বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পানামাগেট কেলেংকারি নিয়ে ১৫ নভেম্বরের মধ্যে সব পক্ষের প্রমাণাদি হাজির করতে গত সপ্তাহে নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু পিটিআই’র পক্ষ থেকে এখনো আদালতে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ হাজির করা হয় নি। এতে পিটিআই’র আইনজীবী প্যানেলের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। তারা বলেছেন, এত দলিলপত্র দিলেও সংশ্লিষ্ট বিষয়ে কোনো তথ্য-প্রমাণ আপনারা দিতে পারেন নি।
পিটিআই দাবি করছে, শরীফ পরিবারের বিদেশে সম্পদ রয়েছে এবং রাষ্ট্রীয় কর ফাঁকি দিয়েছেন তারা। এছাড়া, ১৯৯৩ সাল থেকে লন্ডনে নওয়াজ শরীফের ফ্ল্যাট রয়েছে। এর বিপরীতে নওয়াজ শরীফের আইনজীবী বলছেন, ২০০৬ সাল থেকে লন্ডনে শরীফ পরিবারের ফ্ল্যাট রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫