৩ সাংবাদিককে কারাদণ্ড দিল মিশরের আদালত
-
(বাম দিক দিয়ে) গামাল আব্দের রহীম, খালেদ আল-বালশি এবং ইয়েহিয়া কালাশ
মিশরের একটি আদালত দেশটির একটি সাংবাদিক ইউনিয়নের সভাপতিসহ তিন সাংবাদিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। দু’জন ‘পলাতক’ সাংবাদিককে ইউনিয়নের অফিসে আশ্রয় দেয়ার অভিযোগে ছয় মাস ধরে অনুষ্ঠিত বিচারের পর এ শাস্তি দেয়া হয়েছে।
কায়রোর ওই আদালত শনিবার মিশর প্রেস সিন্ডিকেটের সভাপতি ইয়েহিয়া কালাশ এবং ওই ইউনিয়নের অপর দুই সদস্য খালেদ আল-বালশি এবং গামাল আব্দের রহীমকে তাদের অনুপস্থিতিতে এই শাস্তি দেয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশরীয় আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে কায়রোর প্রতি আহ্বান জানিয়েছে।
আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত তিন সাংবাদিকের প্রত্যেকে ১০,০০০ মিশরীয় পাউন্ডের বিনিময়ে জামিন নিতে এবং এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
গত মে মাসে মিশরের পুলিশ প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ‘অপরাধে’ দু’জন পলাতক সাংবাদিককে মিশর প্রেস সিন্ডিকেটের দপ্তর থেকে আটক করে। একটি চুক্তির মাধ্যমে দু’টি মিশরীয় দ্বীপকে সৌদি আরবের মালিকানায় ছেড়ে দেয়ার প্রতিবাদ জানিয়েছিলেন ওই দুই সাংবাদিক। গত ৮ এপ্রিল ওই চুক্তি সই হওয়ার পর সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে এর প্রতিবাদ জানান। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর পাশাপাশি সাধারণ জনগণও অবমাননাকর চুক্তিটির প্রতিবাদ করে। কিন্তু তা সত্ত্বেও ২১ জুন দ্বীপ দু’টি সৌদি আরবের কাছে হস্তান্তর করে মিশর।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০