ইন্দোনেশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ১৩
-
বিমান বিধ্বস্তের পর উদ্ধার তৎপরতা
ইন্দোনেশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। দেশটির ‘তল্লাশি ও উদ্ধার সংস্থা’র শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা আজ (রোববার) এ খবর দিয়েছেন। তিনি জানান, পাপুয়ার দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ইভান আহমেদ রিসকি টিতাস নামের এ কর্মকর্তা জানান, তিমিকা শহর থেকে সি-১৩০ হারকিউলেস বিমানটি উড্ডয়ন করে এবং সকাল সোয়া ৬টার দিকে গন্তব্যস্থল ওয়ামেনা পৌঁছানোর আগেই সেটা বিধ্বস্ত হয়। লিসুয়া পাহাড়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে এবং সেখানে থেকে এরইমধ্যে ১৩টি লাশ উদ্ধার করে ওয়ামেনা শহরে নেয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার একবারে পূর্বের প্রদেশ পাপুয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে যাতায়াতের জন্য সাধারণত বিমান পরিবহন ব্যবহার করা হয়ে থাকে; কারণ স্থল পথে এ অঞ্চলে যাতায়াত করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু দেশটিতে বিমান-নিরাপত্তা অনেক বেশি দুর্বল এবং প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশের বিমান বাহিনীর পুরনো বিমান বহর নিয়ে পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছরও ইন্দোনেশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১০০ জন মারা গিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮