আল-বাব শহরে প্রথমবারের মতো বিমান হামলা চালাল রাশিয়া
-
রুশ বিমান (ফাইল ফটো)
তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার আল-বাব শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শহরটিতে তুরস্কের সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে আসছে আংকারা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রুশ বিমান বাহিনী সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে তবে এই শহরে এবারই প্রথম বিমান হামলা চালাল।
সামরিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার তুরস্কের দোগান বার্তা সংস্থা বলেছে, বুধবার রুশ সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। তবে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ধারণা করা হচ্ছে তুরস্কের সমর্থনে রুশ বাহিনী গত দু দিন ধরে আল-বাব শহরে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়ায় সামরিক অভিযান চালাতে রুশ-তুর্কি বিরোধ দেখা দিলেও সম্প্রতি তা অনেকটাই কমে গেছে। বরং দু দেশের মধ্যে এখন সিরিয়া ইস্যুতে এক ধরনের সমঝোতা হয়েছে এবং পারস্পরিক সম্পর্কেরও উন্নয়ন হচ্ছে।
গত আগস্ট মাস থেকে তুরস্ক সিরিয়ার ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে। এজন্য দেশটি আল-বাব শহরে ট্যাংক ও যুদ্ধবিমান পাঠিয়েছে। তবে তুর্কি পদক্ষেপের বিরুদ্ধে সিরিয়ার সরকার নিন্দা জানিয়ে আসছে। দামেস্ক বলছে, বিনা অনুমতিতে তুর্কি সরকার এ ধরনের সামরিক অভিযান চালিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯