মার্কিন নির্বাচন নয়, ওবামার মগজ হ্যাক করেছে রুশ হ্যাকাররা: মস্কো
-
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে কথিত রুশ সাইবার হামলা সংক্রান্ত হোয়াইট হাউজের দাবির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, রুশ হ্যাকাররা মার্কিন নির্বাচন নয়, বরং ওবামার মগজকে হ্যাক করেছে।
মিসেস জাখারোভা বলেছেন, আমার মতে রুশ হ্যাকাররা আমেরিকায় যদি কোনো কিছুকে হ্যাক করে থাকে তাহলে তারা অবশ্যই দু’টি ক্ষেত্রে হ্যাক করতে সক্ষম হয়েছে, আর এর একটি হল ক্ষমতার মেয়াদের শেষ প্রান্তে উপনীত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মগজ এবং দ্বিতীয়টি হল রুশ হ্যাকারদের হামলা সম্পর্কিত সাম্প্রতিক মার্কিন প্রতিবেদন।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ তার সরকারের কর্মকর্তারা দাবি করছেন যে রাশিয়া সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলা চালিয়েছিল। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই এই হামলা হয়েছিল বলে মার্কিন গোয়েন্দা বিভাগ দাবি করছে।
আর এই অজুহাতেই ওবামার সরকার আমেরিকা থেকে সম্প্রতি ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এ ছাড়াও মার্কিন সরকার রুশ প্রেসিডেন্টে পুতিনের একজন সহকারী কর্মকর্তাসহ ৫ জন শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে একই অজুহাতে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে গত শুক্রবার ২৫ পৃষ্ঠার একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ সরকার ডেমোক্রেট দলের নানা প্রতিষ্ঠান ও কর্মীদেরকে সাইবার হামলার টার্গেট করতে হ্যাকারদের সহায়তা করেছে। আর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতেই তা করেছে রুশ সরকার। রাশিয়া এই অভিযোগকে প্রমাণ ও ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১২