তুরস্ক-জার্মানি সম্পর্কে মারাত্মক অবনতি: পরস্পরের রাষ্ট্রদূত তলব
-
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
জার্মানিতে তুর্কি প্রেসিডেন্টের সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার।
আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রেসিডেন্ট এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে। ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।
বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ব্যাপারে আঙ্কারার লিখিত অভিযোগ তুলে দেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কেমাল বোজাই।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগেনাউ’র টাউন হলে প্রবাসী তুর্কি কমিনিউনির লোকজনের সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশে তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বক্তব্য রাখবেন বলেও অনুমতি দিয়েছিল জার্মানি।
কিন্তু গ্যাগেনাউ নগর কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, টাউন হলে তুর্কি কমিউনিটির লোকজনের স্থান সংকুলান হবে না বলে এ বিষয়ে একটি তুর্কি সংগঠনের সঙ্গে এর আগে করা একটি চুক্তি প্রত্যাহার করে নিচ্ছেন তারা।
তুর্কি মন্ত্রী বোজদাগ এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘কপটতা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।
তুর্কি সরকার বিরোধী খবর প্রকাশ করার দায়ে দেশটিতে জন্মগ্রহণকারী জার্মান সাংবাদিক ডেনিজ ইউজেল গত ১৪ ফেব্রুয়ারি থেকে ইস্তাম্বলের একটি কারাগারে আটক রয়েছেন। তার আটকাদেশের প্রতিবাদে বুধবার জার্মানির একদল সংসদ সদস্য দেশটিতে তুরস্কের পক্ষে যেকোনো ধরনের সভা-সমাবেশ করার অনুমতি বাতিল করার জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে নিযুক্তি তুর্কি রাষ্ট্রদূত হুসেইন আভনিকে তলব করে। জার্মান চ্যান্সেলর মার্কেল ওই আটককে ‘তিক্ত ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩