বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাবাকে দেয়া সম্মাননা ফেরত দেবেন হামিদ মীর
পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর তার বাবাকে বাংলাদেশের একাত্তরে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য দেয়া সম্মাননা ফেরত দেবেন বলে ঘোষণা করেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধু হিসেবে হামিদ মীরের বাবা পাকিস্তানি কলামিস্ট ওয়ারিস মীরসহ ৬৯জনকে ২০১৩ সালে সম্মাননা দেয়া হয়েছিল। এর মধ্যে ১৩জন পাকিস্তানি ছিলেন। ঢাকায় গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেছিলেন হামিদ মীর।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও জিও নিউজের নিয়মিত শো ‘ক্যাপিটাল টকে’ হামিদ মীর বলেন, ‘নিখিল ভারত মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ভালো হওয়া উচিত। ২০১৩ সালে আমাদের বলা হয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করার জন্য পাকিস্তানের কিছু গণ্যমান্য ব্যক্তিকে বাংলাদেশ সরকার সম্মাননা দেবে। যার মধ্যে আমার বাবাও ছিলেন। ১৯৭১ সালে যারা বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতার বিরোধিতা করেছিলেন তাদের এই সম্মাননা দেওয়া হয়।’
তার বাবাকে ওই সম্মাননাকে এখন তার কাছে ‘ধোঁকা’ বলে মনে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা চাচ্ছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক একদম শেষ হয়ে যাক। ওই সম্মাননা ছিল ধোঁকা।’
তিনি বলেন, সম্মাননা গ্রহণের সময় ভেবেছিলেন, দুই দেশের সম্পর্ক ভালো হবে। কিন্তু সম্পর্ক আরও খারাপ হয়েছে। দেশ দু’টির মধ্যে সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন হামিদ মীর। এ ছাড়া, পাকিস্তান ক্রিকেট টিম পাঠাতে অস্বীকার করে দু’ দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য দেয়া কথাও শেখ হাসিনা রাখেননি বলেও দাবি করেন হামিদ মীর।
এ ছাড়া, সম্মাননা গ্রহণকারী সব পাকিস্তানির তা ফেরত দেয়ারও আহ্বান জানান তিনি। হামিদ মীর বলেন,আমি ধন্যবাদের সাথে বলছি, ‘ওই সম্মাননা আমাদের হাসিনা ওয়াজেদকে ফেরত দেওয়া উচিত। আমি এই ‘ধোঁকা’ ফেরত দেবো।’#
পার্সটুডে/মূসা রেজা/২৮