সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত মার্কিন ডুবোজাহাজ গেছে দ. কোরিয়ায়
মার্কিন পরমাণু ডুবোজাহাজ ইউএসএস চেনি আজ(মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ায় ভিড়েছে। লস অ্যাঞ্জেলস শ্রেণির এ ধরণের ডুবোজাহাজকে হামলা চালাতে বা অ্যাটাকের জন্য ব্যবহার করা যায়। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা যখন তুঙ্গে তখন এটি দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙ্গর ফেলল।
পরমাণু শক্তি চালিত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর ভিড়েছে। গত মাসে ইউএসএস চেনি জাপান সফর করেছে এবং সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে।
কোরিয় উপদ্বীপে এর কর্মসূচি সম্পর্কে এখনো কিছু বলেনি ওয়াশিংটন। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থান কালে এটি কোনো সামরিক মহড়ায় অংশ নিবে না। আরো দাবি করা হয়েছে, রাজধানী সিউল থেকে সাড়ে চারশ’ মাইল দূরে এটি ভিড়েছে নাবিকদের বিশ্রাম দেয়া এবং রসদ নেয়ার জন্য।
৬৯০০ টন ওজন এবং ৩৬২ ফুট দৈর্ঘ্য ইউএসএস চেনিতে তিন হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে।
সিরিয়ার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে একই শ্রেণির ডুবোজাহাজ ব্যবহার করেছিল আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/৬