আমাদের ধারণা বাগদাদি বেঁচে আছেন: ওয়াশিংটন
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে ওয়াশিংটনের কাছে কোনো তথ্য নেই। দায়েশ নিজে তাদের নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করার পরও এই মন্তব্য করলেন তিনি।
দায়েশ নেতার নিহত হওয়ার খবর সম্পর্কে ম্যাটিস শুক্রবার সাংবাদিকদের বলেন, “আমাদের জানা থাকলে আমরা বিষয়টি আপনাদের জানাতাম। কিন্তু এই মুহূর্তে এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করছি না।”
ম্যাটিস আরো বলেন, “যতক্ষণ প্রমাণ না হচ্ছে তিনি (বাগদাদি) মারা গেছেন ততক্ষণ আমাদের কাছে তিনি জীবিত, এবং এই মুহূর্তে আমার কাছে তার মৃত্যুর ব্যাপারে কোনো প্রমাণ নেই।”
সাম্প্রতিক সময়ে আলাদা আলাদা কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। গতমাসে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন।
এ ছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দায়েশে নেতা বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি তাকফিরি গোষ্ঠী দায়েশ তাদের বার্তা সংস্থা আমাকে প্রকাশিত খবরে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে।
কিন্তু মার্কিন সরকার তার সুদূরপ্রসারি কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাগদাদিকে আপাতত ‘জীবিত রাখার’ সিদ্ধান্ত নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫