দায়েশের আফগান প্রধানকে হত্যা করার দাবি করল আমেরিকা
-
দায়েশের আফগান প্রধান আবু সাঈদ (ফাইল ছবি)
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের সদরদপ্তরে হামলা চালিয়ে এই গোষ্ঠীর আফগান প্রধান আবু সাঈদকে হত্যা করা হয়েছে।
পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গত ১১ জুলাই চালানো ওই হামলায় দায়েশের আরো কিছু জঙ্গিও নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে দায়েশের বিস্তার ঠেকানোর লক্ষ্যে ওই হামলা চালানো হয়। এর আগে গত এপ্রিলে আবু সাঈদের উত্তরসূরি আব্দুল হাসিব আফগান সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছিল।
তবে আবু সাঈদের নিহত হওয়ার খবর এখনো দায়েশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
পেন্টগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেছেন, ২০১৬ সালে ড্রোন হামলায় তৎকালীন দায়েশ নেতা হাফিজ সাঈদ খান এবং চলতি বছরের গোড়ার দিকে আফগান সেনা অভিযানে তার উত্তরসুরি আব্দুল হাসিব নিহত হওয়ার পর আবু সাঈদ দায়েশের আফগান শাখার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।
সিরিয়া বা ইরাকের মতো আফগানিস্তানে অভয়ারণ্য বিস্তার করতে ব্যর্থ হয়েছে দায়েশ। দেশটিতে আগে থেকে তৎপর তালেবান জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করছে। এ কারণে নিজের নিয়ন্ত্রিত এলাকা ধরে রাখাই এই গোষ্ঠীর জন্য কঠিন হয়ে পড়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহারে দায়েশের শক্তিশালী উপস্থিতি রয়েছে বলে মনে করা হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫