বিশ্বকাপ শুরু: সৌদি আরবকে গোলের বন্যায় ভাসিয়ে দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i59008-বিশ্বকাপ_শুরু_সৌদি_আরবকে_গোলের_বন্যায়_ভাসিয়ে_দিল_রাশিয়া
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক রাশিয়া। একইসঙ্গে ১৯৩৪ আসরের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়েছে তারা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ১৫, ২০১৮ ০০:৩৯ Asia/Dhaka
  • বিশ্বকাপ শুরু: সৌদি আরবকে গোলের বন্যায় ভাসিয়ে দিল রাশিয়া

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক রাশিয়া। একইসঙ্গে ১৯৩৪ আসরের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়েছে তারা।

বৃহস্পতিবার লুঝনিকির স্টেডিয়ামে সৌদি আরবকে বিধ্বস্ত করার দিন দলের হয়ে দুই গোল করেছেন ডেনিস চেরিশেভ। একটি করে গোল পেয়েছেন ইউরি গাজিনিস্কি ও আরতেম জিউবা।

খেলা শুরুর ১২ মিনিটের মাথায় দলকে প্রথম গোলটি উপহার দিয়েছেন রাশিয়ার জার্সিধারী গাজিনস্কি। কর্নার থেকে থেকে আসা দারুণ এক আক্রমণে দুর্দান্ত এক হেড করে সৌদি আরবের জালে বল জড়িয়ে দিয়েছেন এই রাশিয়ান মিডফিল্ডার।

৩৬ মিনিটের মাথায় পেনাল্টির জোর আবেদন করেছিলেন রাশিয়ান ফুটবলাররা। কিন্তু রেফারি সেই আবেদনে সাড়া দেননি। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে অবশ্য দ্বিতীয় গোলটিও আদায় করে নেয় রাশিয়া।

প্রথমার্ধেই বদলি হিসেবে মাঠে নেমে চমক দেখিয়েছেন ডেনিস চেরিশেভ। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা বল জড়িয়ে দিয়েছেন সৌদি আরবের জালে। ২৫ মিনিটের মাথায় মিডফিল্ডার অ্যালান জাওকেভের বদলে মাঠে নেমেছিলেন চেরিশেভ।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর সৌদি আরব মাঠে নেমেই চালাতে থাকে মুহুর্মুহু আক্রমণ। ৫৬ মিনিটে আল দাওসারির পাস থেকে গোল করার সুযোগটা অবশ্য হাতছাড়া করেছিলেন আল সাহলাউই। তিন মিনিট পর সাহলাউইর ফ্রি-কিক থেকে আল ফারাজের হেড বল ছুঁতে পারলেও পায়নি জালের দেখা।

৬৮তম মিনিটে রাশিয়ার সামনে আবারও সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। মিডফিল্ডার জবনিনের কিক সৌদি গোলরক্ষক আল-মাউফ ঠেকিয়ে দিলে বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো স্মোলভের কাছে। কিন্তু রুশ ফরোয়ার্ড করতে পারেননি লক্ষ্যভেদ।

৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই দলকে এগিয়ে নিয়েছিলেন জিউবা। ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ডের শক্তিশালী কিক ফেরাতে পারেনি সৌদি গোলরক্ষক।

উদ্বোধনী অনুষ্ঠান

ম্যাচের ৯০ মিনিট শেষ হয়ে চলছিল ইনজুরি টাইমের প্রথম মিনিটের খেলা। মিডফিল্ডার চেরিশেভ পূরণ করেছিলেন দলের চতুর্থ গোল। দারুণ এক দূরপাল্লার শটে ভিয়ারিয়াল তারকা ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি জড়ান প্রতিপক্ষের জালে। এর দুই মিনিট পর একদম সৌদি ডিবক্সের বাইরে থেকে ফ্রি-কিকে রাশিয়ার পঞ্চম গোলটি করেন মিডফিল্ডার গোলোভিন। ৫-০ ব্যবধান থাকতেই রেফারি বাজিয়ে দেন শুরুর ম্যাচের শেষ বাঁশি।

ঘরের মাঠে জয় দিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করা রাশিয়া উঠে গেল ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামীকাল গ্রুপটির দ্বিতীয় লড়াইয়ে সন্ধ্যা ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মিসর।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫