তরবারি ও বড় আকারের ছুরি থানায় জমা দিতে বলল শ্রীলঙ্কার পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i70117-তরবারি_ও_বড়_আকারের_ছুরি_থানায়_জমা_দিতে_বলল_শ্রীলঙ্কার_পুলিশ
শ্রীলঙ্কার পুলিশ তরবারি ও বড় আকারের ছুরি নিরাপত্তা বাহিনীর কাছে জমা দেয়ার জন্য দেশের জনগণের প্রতি নির্দেশ জারি করেছে। সম্প্রতি ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার পর শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে এ নির্দেশ জারি করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৫, ২০১৯ ০৩:১৮ Asia/Dhaka
  • ২১ এপ্রিলের ভয়াবহ হামলার পর কলম্বোর একটি গির্জার বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
    ২১ এপ্রিলের ভয়াবহ হামলার পর কলম্বোর একটি গির্জার বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শ্রীলঙ্কার পুলিশ তরবারি ও বড় আকারের ছুরি নিরাপত্তা বাহিনীর কাছে জমা দেয়ার জন্য দেশের জনগণের প্রতি নির্দেশ জারি করেছে। সম্প্রতি ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার পর শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ হিসেবে এ নির্দেশ জারি করা হলো।

অবশ্য পুলিশ বলেছে, প্রতিদিনের বৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত চাকু বা ছুরি এই নির্দেশের আওতায় আসবে না। গত ২১ এপ্রিলের রক্তক্ষয়ী হামলার পর থেকে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত শত শত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করেছে শ্রীলঙ্কার পুলিশ।

২১ এপ্রিল কয়েকটি গির্জা ও হোটেলে চালানো ধারাবাহিক আত্মঘাতী হামলায় অন্তত ২৫০ জন নিহত হন।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা শনিবার এক ঘোষণায় তরবারি ও ছুরির পাশাপাশি কারো কাছে পুলিশ বা সেনাবাহিনীর পোশাক থেকে থাকলে তাও নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে এবং আজ রোববার দিনের শেষ পর্যন্ত এর বাস্তবায়ন চলবে।

প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা

তবে পুলিশের নির্দেশ মেনে কেউ এই সময়ের মধ্যে এসব অস্ত্র বা পোশাক থানায় জমা দিলে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কিনা তা গুনাসেকারা জানাননি।

এদিকে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী ২১ এপ্রিলের ভয়াবহ হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা শনিবার বলেছেন ওই ভয়াবহ হামলায় জড়িত সন্দেহভাজন ২৫ থেকে ৩০ ব্যক্তি এখনো পলাতক রয়েছে।#

পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/৫