আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে : নিশ্চিত করল চীন
চীন দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল ওয়াশিংটন ফ্রি বেকনে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। চলতি মাসের ১২ তারিখে ডংফেন-৪১ বা পূবালি বাতাস (ডিএফ-৪১) নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছিল।
অবশ্য কোথায় এ পরীক্ষা চালানো হয়েছে বেসরকারি অনলাইন সংবাদপত্রে তা উল্লেখ করা হয় নি। কিন্তু খবরে বলা হয়েছিল, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের মার্কিন বিমানবাহী জাহাজ দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টারের পরিদর্শনের আগে এ পরীক্ষা চালানো হয়।
অবশ্য চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকালই দেয়া বিবৃতিতে একে গৎ বাধা পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়। চীনা সীমানার মধ্যে চালানো এ জাতীয় পরীক্ষাকে বিবৃতিতে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।
দক্ষিণ চীন সাগরের কাছে এ পরীক্ষা চালানোর জল্পনা নাকচ করে দিয়ে বিবৃতিতে বলা হয়, এ পরীক্ষা কোনো লক্ষ্যবস্তু বা দেশের বিরুদ্ধে চালানো হয় নি।#
মূসা রেজা/২১