চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬, নতুন আক্রান্ত ৪,৫১৫
https://parstoday.ir/bn/news/world-i77004-চীনে_করোনাভাইরাসে_মৃতের_সংখ্যা_বেড়ে_১০৬_নতুন_আক্রান্ত_৪_৫১৫
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই ভাইরাসে নতুনকরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে চীনে রোববার থেকে শুরু হওয়া নববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০২০ ০৮:১৩ Asia/Dhaka
  • করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষায় মাস্কসহ নিরাপদ পোশাক পরেছেন চীনের নিরাপত্তাকর্মীরা।
    করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষায় মাস্কসহ নিরাপদ পোশাক পরেছেন চীনের নিরাপত্তাকর্মীরা।

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই ভাইরাসে নতুনকরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে চীনে রোববার থেকে শুরু হওয়া নববর্ষের ছুটি তিন দিন বাড়ানো হয়েছে।

চীনা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৫১৫ জন। তাদের মধ্যে ৯৭৬ জনের অবস্থা গুরুতর। তবে, এই ভাইরাসে আক্রান্ত ৬০ ব্যক্তি সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরে গেছেন।

খবরে বলা হয়েছে, চীনা কর্মকর্তারা এ পর্যন্ত যে ১০৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, তাদের মধ্যে ১০০ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১৪ জন। হুবেই প্রদেশে করোনাভাইরাস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা কার্যক্রমে লাখো চিকিৎসাকর্মী যোগ দিয়েছেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উহানসহ হুবেই প্রদেশের কয়েকটি শহর কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। হুবেই থেকে যারা বেইজিং বা সাংহাইতে যাচ্ছেন, তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। নববর্ষের ছুটি দু’দিন বাড়িয়ে দিয়ে অনেক সরকারি দপ্তরের কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

হুবেইয়ের পাশাপাশি আরও কয়েকটি বড় শহরে গণপরিবহন, ট্যাক্সি ও রাইড শেয়ারিং সেবা বন্ধ রয়েছে। সাংহাই ও হংকংয়ে ডিজনিল্যান্ডও আপাতত বন্ধ। তিব্বতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নোভেল করোনাভাইরাস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে কারণে অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে।

ভাইরাসটি এখন আর শুধু চীনেই সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে আমেরিকা, হংকং, ভিয়েতনাম, সিঙ্গাপুর, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৬ স্থানে। 

করোনা ভাইরাসের সংক্রমণস্থল উহানে বেশকিছু বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। এছাড়া চীনের অন্যান্য স্থানেও বাংলাদেশি রয়েছেন। ইতোমধ্যে চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।