জুন ০৬, ২০১৬ ১৬:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

মোটরসাইকেলে ওঠা যাবে না ৩ জন: স্বরাষ্ট্রমন্ত্রী –ইত্তেফাক

মীর কাসেমের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ -প্রথম আলো

সিরিয়াল হত্যকাণ্ড একদলীয় দুঃশাসনের পার্শ্বপ্রতিক্রিয়া: খালেদা জিয়া- মানবজমিন

বর্তমানে দেশে কোনো খাদ্য ঘাটতি নেই : শিল্পমন্ত্রী -কালের কন্ঠ

যশোরে পেট্রোল পাম্পে দু'জনকে কুপিয়ে হত্যা -বাংলাদেশ প্রতিদিন

সরকারকে দুর্বল করতেই মাহমুদা হত্যা : সেতুমন্ত্রী -নয়া দিগন্ত

মিতু হত্যার মোটিভ শিগগিরই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী - যুগান্তর

কোলকাতা:

দিল্লিতে বেআইনি কিডনি-কারবারের মূল মাথার খোঁজে দেশজুড়ে তল্লাশি-বর্তমান

 

মথুরা সংঘর্ষের জের, বদলি এস এস পি ও জেলা পরিষদ। নতুন এস এস পি বাবলু কুমার।-আজকাল

ডিমের কুসুম সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক! – আনন্দবাজার

প্রেমিকের গলার নলি কেটে ভাগাড়ে ফেলে দিল প্রেমিকার পরিবার!-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারের মিতুকে গুলি করে হত্যা এবং পরবর্তী ফলোআপ খবর আজকের দৈনিকগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। এ সম্পর্কে ইত্তেফাকের কয়েকটি খবর তুলে ধরছি।

এসপিপত্নী মিতুকে ঢাকায় দাফন

চট্টগ্রামে খুন হওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী আক্তার মিতুকে ঢাকায় দাফন করা হয়েছে। মিতুর দেবর হাবিবুর রহমান লাবু জানিয়েছেন, রোববার রাতে মেরাদিয়া কবরস্থানে মিতুকে দাফন করা হয়।

এদিকে, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তার হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া মিতু হত্যার ঘটনায় জড়িতদের ছবি এখন পুলিশের হাতে রয়েছে। এ কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

মীর কাসেমের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ-প্রথম আলো

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুর ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ২৪০ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

নিয়ম অনুসারে মীর কাসের রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন। এরপরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

 

শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার-ইত্তেফাক/প্রথম আলো

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির চার সদস্যর একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ কার্ড গ্রহণ করেছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য মৃণাল কান্তি।

অশান্ত রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এটি খুব ভালো একটি বিষয়। যদি দুই নেত্রী কোনো একটা উপলক্ষে একত্রিত হন সেটা দেশের রাজনৈতিক পরিমন্ডলে পরিবর্তনের সুবাতাস বয়ে আনবে বলে অনেকে মনে করেন।

'দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে'-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে। এতে প্রতি মুহূর্তে কবরস্থানের পরিসর বিস্তৃত হচ্ছে। দেশবাসী অনিরাপত্তায় ভুগছে।সোমবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে। ভ্রুক্ষেপহীন সরকার বন্য প্রতিহিংসার আক্রোশে জঙ্গিদের তৎপরতা দমন করার পরিবর্তে বিরোধী দলের ওপর দায় চাপিয়েই দায়িত্বের সমাপ্তি ঘটালেও নিজেরা নিষ্কলঙ্ক হতে পারছে না।’

ষষ্ট ও শেষ ধাপের ইউপি নির্বাচন হয়ে গেল।ইউপি নির্বাচনের অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনে প্রথম আলোর খবর-

ইউপি নির্বাচন: জীবনের দাম কম প্রমাণের পণ করেছিল ইসি

প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ যে তিনি অকপটে একটি সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, এখন যে অবস্থা চলছে তাতে সব জিনিসের দাম বাড়ছে, কমছে একমাত্র মানুষের জীবনের দাম। প্রায় তিন মাস ধরে ছয় দফায় তৃণমূলের গণতন্ত্র—ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রহসনে নিহত অন্তত ১১০ জনের (পত্রিকান্তরে সংখ্যাটি ১৩২ রও বেশি) জীবনের মূল্য বোঝার মতো কোনো প্রতিষ্ঠান যে দেশে নেই, তা তিনি স্বীকার করে নিলেন। তা না হলে এসব মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) জবাবদিহি করতে হতো। নিদেনপক্ষে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজ এসব মৃত্যুর প্রতিবাদ জানাত। অবশ্য, নির্বাচনের চারটি পর্বে ৬৯ জনের প্রাণহানির পর স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ রাষ্ট্রপতির উদ্দেশে ‘জনগণের প্রাণভিক্ষার আবেদন’ শিরোনামে এক খোলা চিঠিতে (১৪ মে, ২০১৬) বাকি দুই পর্বের নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশন ওই আহ্বানে সাড়া দিলে হয়তো ৩৯ জনের জীবন রক্ষা পেত। মানুষের জীবনের দাম কমছে—এমন একটি নিষ্ঠুর সত্য প্রমাণের জন্য নির্বাচন কমিশন কেন পণ করে বসেছিল, এখন সেই প্রশ্নটি নিশ্চয়ই আর উপেক্ষণীয় নয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আতঙ্কজনক সহিংসতা এবং রেকর্ডসংখ্যক প্রাণহানির দায় কার, তা নিয়ে বিস্তর বিতর্কের পর সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন, সমাজে অস্থিরতা বেড়ে যাওয়ার কারণেই এমনটি ঘটেছে। কিন্তু সমাজে অস্থিরতা বেড়েছে কেন? সে প্রশ্নের কোনো উত্তর নেই। বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টার টিভি চ্যানেলগুলোতে আমরা মন্ত্রী ও সরকারি দলের নেতাদের কাছ থেকে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কাহিনি শুনি। এসব উন্নয়নের ছোঁয়ায় সাধারণ মানুষের ভাগ্য যদি বদলে গিয়ে থাকে তাহলে কি সামাজিক অস্থিরতা এই মাত্রায় থাকার কথা যে পাড়ায়-পাড়ায়, গ্রামে-গ্রামে ক্ষমতার দ্বন্দ্ব প্রাণঘাতী রূপ নেবে?

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্কব অংশ তুলে ধরছি।

সমীক্ষায় ‘মুখ’ বরুণ, তবু দ্বিধায় অমিত-আনন্দবাজার

সামনে ফের বড় লড়াই। উত্তরপ্রদেশ। অসমের মতো এ রাজ্যেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কোনও একটি মুখকে তুলে ধরার প্রবল চাপ রয়েছে দলে। সেই মুখ বাছতে বিজেপি সভাপতি অমিত শাহ বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিলেন। সমীক্ষার ফল বেরোতে যারপরনাই বিস্মিত তাঁরা! কারণ সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশের সিংহভাগ এলাকায় অন্য সকলকে টেক্কা দিয়ে জনপ্রিয়তার দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন, তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি নন। কট্টর হিন্দুত্বের বিতর্কিত মুখ যোগী আদিত্যনাথও নন।

তিনি বরুণ গাঁধী! বিশেষত উত্তরপ্রদেশের অল্পবয়সি ভোটারদের মধ্যে গাঁধী পরিবারের তরুণ মুখ এখন বড় আকর্ষণ বলে জানাচ্ছে সমীক্ষা।আর তাতেই কিছুটা বিপাকে পড়ে গিয়েছেন অমিত। অন্য কোনও নাম এলে হয়তো এত ভাবার দরকার ছিল না।

পিজির চিকিৎসা সেবার দুরবস্থা- বর্তমান

রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল পিজিতে মুখ থুবড়ে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ‘শিশুসাথি’ প্রকল্প। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের ২৮০টি বাচ্চার হার্ট অপারেশন আটকে রয়েছে এখানে। তার মধ্যে যেমন জন্মগত হার্টের সমস্যায় (হার্টে ফুটো, সাইনেটিক হার্ট ডিজিজ) ভোগা বাচ্চারা আছে, আছে রিউম্যাটিক হার্ট ডিজিজে ভোগা শিশুরাও। চিকিৎসকদের মতে, এর মধ্যে বেশ কয়েকটি সমস্যা প্রাণঘাতী। অপারেশন যতই পিছিয়ে যাচ্ছে, বাচ্চাগুলির অবস্থা ততটাই আশঙ্কাজনক হয়ে উঠছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬