'রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না'
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি গাজী আবদুর রশীদ ও সোহেল আহমেদ। আজ ১৫ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
বাংলাদেশে গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার ইসলামি ফাউন্ডেশন সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছে জনপ্রতি ৬৫ টাকা।–ইত্তেফাক
বিশ্বনেতারা আমার কাজের মূল্যায়ন করছেন-প্রধানমন্ত্রী-প্রথম আলো
খারাপ উদ্দেশ্যে কাউকে ধরিনি: স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কন্ঠ
আসছে ফতোয়া গুপ্তহত্যা জিহাদ নয়, সন্ত্রাস- মানবজমিন
তিন কারণে ইনুর বিচার হওয়া উচিৎ : রিজভী-নয়া দিগন্ত
ফের দুই দিনের রিমাণ্ডে আসলাম চৌধুরী-বাংলাদেশ প্রতিদিন
আনসারুল্লাহ বাংলা টিমে অর্থদাতাদের নাম পাওয়া গেছে-সমকাল
রাজধানীতে সাবেক এসপির মেয়ের রহস্যজনক মৃত্যু- যুগান্তর
সাঁড়াশি অভিযানের নামে চাঁদাবাজি এবং গ্রেফতার বাণিজ্য চলছে-খালেদা জিয়া-ইনকিলাব
কোলকাতা:
পরমাণু ক্লাবে প্রবেশ নিশ্চিত জেনে ঘাতক ‘প্রিডেটর’ কিনছে ভারত-সংবাদ প্রতিদিন
অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার শঙ্কা, কড়া সতর্কতা ভূস্বর্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেনাপ্রধান-বর্তমান
ধুলো ঝেড়ে বিরোধী নেতাদের ফাইল ফের ঘাঁটছেন গোয়েন্দারা-এইসময়
টাস্ক ফোর্সের বৈঠকের আগে কলকাতার বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা-আজকাল
ভারতকে বিশেষ মর্যাদা দেয়ার বিলে ভোটাভুটি হল না মার্কিন সেনেটে– আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জাসদ এবং তথ্যমন্ত্রী ইনুকে নিয়ে আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের একটি বক্তব্যের রেশ এখনও থামেনি। এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম-ইতিহাস চর্চা নয়, জঙ্গিবাদ দমনের সময়: ইনু
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে ‘দুঃখজনক ও অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন ইতিহাস চর্চার সময় নয়, জঙ্গিবাদ নির্মূলের সময়। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেছেন, আমরা মনে করি এই সময়ে ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়। জঙ্গিবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।
এদিকে, যুগান্তরের খবরে লেখা হয়েছে,বঙ্গবন্ধু হত্যায় জাসদের ভূমিকা নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন গিয়েছেন। আগামী ২৭ জুন সকালে ঢাকা ফিরবেন জনপ্রশাসন মন্ত্রী।
বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম 'তিন কারণে ইনুর বিচার হওয়া উচিত'-রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পঞ্চমবাহিনীর লোক। তিন কারণে তার বিচার হওয়া উচিত। বুধবার সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এসময় রিজভী তিনটি কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রথম কারণ হলো তৎকালীন ৭২-৭৫ সালের কোনো এক সময় স্বারাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ করে নিরাপত্তা বাহিনীর দিকে ইনুর নেতৃত্বে জাসদের কিছু লোক গুলি ছুড়ে। নিরাপত্তা বাহিনীও পাল্টাগুলি ছুড়লে অসংখ্য জাসদের নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে ইনুর কারণে। দ্বিতীয় কারণ, আমাদের দেশের সাবভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। এই বানিহীকে অস্থিতিশীল করতে লিফলেট ছাড়নো এবং নানাবিধ স্লোগান দেয়া। এভাবে একটা ভয়ংকর ঘটনার সৃষ্টি করা হয়। আর তৃতীয় কারণ হলো, ভারতীয় হাইকমিশন আক্রমণ। এটি একটি মাস্টারপ্লানের অংশ ছিল ইনুর। অথচ আমাদের দেশে একটি কূটনৈতিক সংস্থার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী ও দেশের জনগণের। সেখানে যদি দেশে একটি রাজনৈতিক দল কূটনীতিক প্রতিষ্ঠানের ওপর হামলা করতে যায় তাহলে আগ্রাসনকে ত্বরান্বিত করা হয়।
সাঁড়াশি অভিযানের খবর ছাপা হয়েছে- দৈনিক মানজমিনে। শিরোনামটি এরকম
১১৬৮৪ গ্রেপ্তার, জঙ্গি ১৪৫
দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ জঙ্গিবিরোধী অভিযানে গত চারদিনে গ্রেপ্তার হয়েছে ১৪৫ ‘জঙ্গি’সহ ১১,৬৮৪ জন। সর্বশেষ গত মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২৬ ‘জঙ্গি’। ওই সময় সারা দেশে আরো গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ৮৯ জন। পুলিশ
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে,সন্ত্রাস ও জঙ্গিবাদে বিরুদ্ধে প্রচারে নামতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর কালের কন্ঠের শিরোনাম- খারাপ উদ্দেশ্যে বা রাজনৈতিক কারণে কোনো নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা কোনো ইল মোটিভ) ও পলিটিক্যাল নিপীড়নের উদ্দেশ্য নিয়ে কোনো নিরীহ মানুষকে ধরিনি।
আর মানবজমিনের খবরে বলা হয়েছে- গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে
প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি-জামায়াত জোট। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই তারা এ পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে-যুগান্তরের খবরের শিরোনাম- সাঁড়াশি অভিযানের নামে চাঁদাবাজি এবং গ্রেফতার বাণিজ্য চলছে, সরকারই সন্ত্রাস ও জঙ্গির উত্থান ঘটিয়ে দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র করছে : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস ও জঙ্গির উত্থান ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাঁড়াশি অভিযানের নামে একদিকে ‘চাঁদাবাজি’ এবং অন্যদিকে ‘গ্রেফতার বাণিজ্য’ চলছে। প্রকৃত অপরাধীদের বিদেশে পাঠিয়ে নিরীহদের গ্রেফতার করছে।
যশোরে বন্দুকযুদ্ধ-গণপিটুনিতে ৪ 'ডাকাত' নিহত-বাংলাদেশ প্রতিদিন/যুগান্তর
যশোরে পৃথক দুটি ঘটনায় গুলিবিদ্ধ ও গণপিটুনির শিকার হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ দাবি, নিহতদের একজন বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এবং অপর তিনজন গণপিটুনিতে মারা যান। মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে যশোর ও ঝিকরগাছায় পৃথক এই দুটি ঘটনা ঘটে।
দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম এরকম যে,
তবু দলীয়ভাবে সিটি নির্বাচন: বিধি সংশোধনের কাজ চলছে, সহিংসতা আরও বাড়ার আশঙ্কা বিশ্লেষকদের
সিটি করপোরেশন নির্বাচনও দলীয় প্রতীকের ভিত্তিতে অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তারা প্রয়োজনীয় বিধি সংশোধনের কাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, পৌরসভা ও ইউপি নির্বাচন দলীয়ভাবে হওয়ায় জাল ভোট-ব্যালট ছিনতাইসহ নানা অনিয়ম ও সহিংসতা বেশি হয়েছে। এ দুই নির্বাচন দলীয়ভাবে আয়োজন করায় সমালোচনার মুখেও পড়েছে ইসি। তা সত্ত্বেও সিটি নির্বাচন ওভাবেই করতে চলেছে সংস্থাটি।
আহসান উল্লাহ মাস্টার হত্যা: ৬ জনের ফাঁসি বহাল-মানবজমিন/বাংলাদেশ প্রতিদিন
গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদন্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। এ মামলায় ২০০৫ সালে নিম্ন আদালতে দন্ডাদেশ পাওয়া বাকি ২২ আসামির মধ্যে আটজনকে হাই কোর্ট যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
ঝিনাইদহে পকেটমারের খপ্পরে দুই এমপি-মানবজমিন
ঝিনাইদহে পকেট মারের খপ্পরে পড়েছেন সরকারীদলের দুই এমপি ও প্রভাবশালী নেতারা। এক অনুষ্ঠান চলাকালে বেরসিক পকেটমার এমপিদ্বয়ের মোবাইল ও নগদ টাকা নিয়ে যায পকেট কেটে। বিষয়টি এখন ঝিনাইদহে টক অব দি টাউন। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা।
২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের রায় আপিলেও বহাল-যুগান্তর
২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধ করে দেয়ার বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।একইসঙ্গে এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল ১৮ আগস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
হিন্দুদের উপর অত্যাচারের তদন্তে কায়রানায় বিজেপির ৯ সদস্য-সংবাদ প্রতিদিন
উত্তরপ্রদেশের কায়রানা গ্রামে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিল বিজেপি৷ পুরো বিষয়টির তদন্ত করতে ৯ সদস্যের এক প্রতিনিধিদল বুধবার পৌঁছল এই গ্রামে৷ কায়নারা প্রসঙ্গে বিজেপি যে সহজে পিছু হটবে না, এলাহাবাদের জনসভা থেকেই সে ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
মূল্যবৃদ্ধি: মন্ত্রীদের সঙ্গে বৈঠকে জেটলি-আজকাল
প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বিশেষত সবজির। টমেটো ৮০ টাকা কেজি। হায়দরাবাদে ১ কেজি টমেটোর দাম ১০০ টাকা। আলু এবং পেঁয়াজের দামও বেড়েছে। পাইকারি মুদ্রাস্ফীতিই কারণ। এই নিয়ে বুধবার দুপুরে মন্ত্রী এবং শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
জঙ্গি হামলার আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন গার্ডেনরিচে-সংবাদ প্রতিদিন
কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে জঙ্গি হামলা হতে পারে বলে চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে জাহাজ কারখানা চত্বর৷ সূত্রের খবর, ৩৯৭ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে৷ পাঠানকোটের কায়দায় কলকাতাতেও জঙ্গি হামলা হতে পারে, ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে এই খবর পেয়ে সক্রিয় হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫