ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৩:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জাহালমকে অব্যাহতি দিয়ে আজই মুক্তি দিতে নির্দেশ-দৈনিক প্রথম আলো
  • গণভবনে না গিয়ে বিএনপি আলোচনার একটি সুযোগ হারিয়েছে’-দৈনিক ইত্তেফাক
  • নদী দখলকারীরা নির্বাচন ও ঋণ পাওয়ার অযোগ্য : আদালত-দৈনিক নয়া দিগন্তখাদ্যে ভেজাল দেয়া এক ধরনের
  • দুর্নীতি: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি: মাহবুব তালুকদার-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • রাজীব কুমারের ভূয়সী প্রশংসা করে মমতার টুইট: ‘প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি’-দৈনিক আনন্দবাজার
  • প্রধানমন্ত্রী পদের যোগ্য নন উনি, বললেন মমতা-দৈনিক আজকাল
  • ব্রিগেডের সমাবেশ থেকে মোদি-মমতাকে উৎখাতের ডাক বামেদের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর

খাদ্যে ভেজাল দেয়া এক ধরনের দুর্নীতি: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যে ভেজাল দেয়া এক রকমের দুর্নীতি। কাজেই ভেজালের বিরুদ্ধে যে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল দেয়া আমাদের দেশে কিছু কিছু শ্রেণির চরিত্রগত বদঅভ্যাস। তা ছাড়া কিছুই না। এটি বন্ধ করতে হবে। আর এসব কারণেই ভেজালবিরোধী অভিযান চলছে। হাটে-ঘাটে-মাঠে যেন এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আরও নেব, বলেন তিনি।আর এসব কারণেই ভেজালবিরোধী অভিযান চলছে। হাটে-ঘাটে-মাঠে যেন এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আরও নেব, বলেন তিনি

‘গণভবনে না গিয়ে বিএনপি আলোচনার একটি সুযোগ হারিয়েছে’-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণভবনে চা চক্রে যোগদান না করে বিএনপি আলোচনার একটি সুযোগ হারিয়েছে। এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল। এখানে অনেক কিছুই আলোচনা করা যেত। এর মধ্য দিয়ে বিএনপি নামক দলটির সংকট আরও বেড়েছে। বিএনপি শিষ্টাচার সভ্যতা সবই ভুলে গেছে বলেই চা চক্রে যোগ দেয়নি বলে মন্তব্য করেন হানিফ। আজ জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর এক স্মরণসভায় অংশ নিয়ে হানিফ এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণসভার আয়োজন করে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। হানিফ বলেন, বারবার নেতিবাচক এবং ভুল রাজনীতির কারণে হোঁচট খাচ্ছে বিএনপি। এই বৃত্তে বন্দি থাকলে দলটির অবস্থা মুসলিম লীগের মতো হবে।

সুষ্ঠু নির্বাচন দেশপ্রেমের অভিব্যক্তি: মাহবুব তালুকদার-দৈনিক মানবজমিন

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনের সম্মান, মর্যাদা অক্ষুন্ন রাখতে সাহসিকতার সঙ্গে নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্বপালন করতে হবে। সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি।  আজ রোববার আগারগাঁও ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের উদ্দেশ্যে প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্বাচনেই শিথিলতার কোনো সুযোগ নেই।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভের ঊর্ধ্বে থেকে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

নদী দখলকারীরা নির্বাচন ও ঋণ পাওয়ার অযোগ্য : আদালত-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের হাইকোর্ট

নদী দখলকারীদের নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য ঘোষণা করা করেছে আদালত। সেই সাথে ঢাকার তুরাগ নদকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে দেশের সকল নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণা করেছে হাইকোর্ট। তুরাগ নদী রক্ষায় একটি রিট মামলায় আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ ঐতিহাসিক রায় দেন। রায়ে নদী রক্ষা কমিশন যাতে নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর ভূমিকা নিতে পারে, সেজন্য আইন সংশোধন করে ‘কঠিন শাস্তির’ ব্যবস্থা করতে বলা হয়েছে সরকারকে।

পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ, স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেইজ তৈরি এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নিতে বলা হয়েছে হাই কোর্টের রায়ে।

জাহালমকে অব্যাহতি দিয়ে আজই মুক্তি দিতে নির্দেশ-দৈনিক প্রথম আলো

নিরপরাধ জাহালামকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ হাইকোর্টের

সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগে দুদকের করা সব মামলা থেকে নিরীহ জাহালমকে অব্যাহতি দিয়ে আজই মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এক নির্দোষ লোককে এক মিনিটও কারাগারে রাখার পক্ষে আমরা না।সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেকের বিরুদ্ধে ৩৩টি মামলা হয়। এর মধ্যে ২৬টিতে জাহালমকে আসামি আবু সালেক হিসিবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুদক। চিঠি পাওয়ার পর দুদক কার্যালয়ে হাজির হয়ে পাঁচ বছর আগে জাহালম বলেছিলেন, তিনি সালেক নন। বাংলায় লিখতে পারলেও ইংরেজিতে লিখতে জানেন না। কিন্তু নিরীহ পাটকলশ্রমিক জাহালমের কথা সেদিন দুদকের কেউ বিশ্বাস করেননি।

এরপর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের এসব মামলায় জাহালম গ্রেপ্তার হন। তিনি জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন।’ গত ৩০ জানুয়ারি প্রথম আলোয় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সেদিন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। শুনানি নিয়ে আদালত জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

প্রধানমন্ত্রী পদের যোগ্য নন উনি, বললেন মমতা-দৈনিক আজকাল

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

দুর্গাপুর ও উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শনিবার জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি যেভাবে আক্রমণ করেছেন, তার তীব্র প্রতিবাদ করেছেন মমতা। বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, ‘উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। গো‌রক্ষা করার যোগ্য। ওঁকে তাড়ানোই আমাদের প্রথম কাজ।’ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশে বলেন, ‘তাঁর কোনও দোষ নেই, না বলে উপায় নেই। ওঁকে বলানো হচ্ছে। ওঁর ছেলেকেও ফাঁসানো হয়েছিল।’‌

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, ‘এজেন্সির সিন্ডিকেটের সবচেয়ে বড় নেতা তিনি। ২০২১ সালে আমরা হারব কি না তা উনি বলার কে? সব ঠিক করবে সাধারণ মানুষ। এই নির্বাচনে বিজেপি শূন্য পাবে।’  এদিন প্রধানমন্ত্রী বাংলা নিয়ে অনেক কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে মমতা বলেন, ‘ওঁকে বাংলা দেখতে হবে না, আগে দিল্লি সামলান। এঁদের আমলেই এই ক’বছরে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।’ নাগরিকপঞ্জি নিয়েও এদিন মমতা বলেন, ‘নতুন করে বিদেশি মানব না। ওঁরা বিদেশি টাকায় চলে, আমাদের রেশন কার্ড, ভোটার কার্ড সব আছে। আমরা ভারতের নাগরিক।’ মমতা এদিন অভিযোগ করেন, এত টাকা আছে ওদের তা দিয়ে‌ সভাগুলিতে লোক আনার জন্য স্পেশ্যাল ট্রেন দিয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা বলেন, ‘তিনি দুর্নীতির ঠাকুরদাদা। নোটবন্দি, রাফাল, জিএসটি— বড় কেলেঙ্কারি।  বাংলায় দাঙ্গা হতে দেব না।’

ব্রিগেডের সমাবেশ থেকে মোদি-মমতাকে উৎখাতের ডাক বামেদের-দৈনিক সংবাদ প্রতিদিন

বিগ্রেড ময়দানে বামেদের সভা

ঘুরে দাঁড়ানোর ব্রিগেডে একযোগে বিজেপি-তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বাম নেতৃত্ব। পাঁচ বছরের জুমলাবাজির দিন শেষ। ভাওতাবাজির দিন শেষ। ব্রিগেডের ভরা সভায় একযোগে দাবি করলেন ক্ষীতি, সীতারাম, সূর্ষকান্ত, সেলিমরা। রাজ্যে বামেরা এখন কার্যত তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। অন্তত সাম্প্রতিক কিছু উপনির্বাচনের ফলাফল তেমনটাই ইঙ্গিত করেছে। তাছাড়া, দলের সংগঠনের অবস্থা যে খুব একটা সুখকর নয়, তাও বোঝা গিয়েছে সাম্প্রতিক বনধে সেভাবে সাড়া না মেলায়। কিন্তু এদিনের ব্রিগেডের জনসভায় লালঝান্ডার ভিড় বাম নেতৃত্বকে আত্মবিশ্বাস জোগাবে। ব্রিগেডের ভিড়কে উৎসাহ দিতে গিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বললেন, “জনসমাগম আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে বাংলা এবং দিল্লিতে সরকার বদল হবে। কিন্তু ভয় একটাই ওরা আমাদের ভোট দিতে দেবে না। তবে, চিন্তা করবেন না। এত মানুষকে আটকে রাখতে পারবে না। আমাদের আঘাত করলে আমরা জবাব দেব।” 

রাজীব কুমারের ভূয়সী প্রশংসা করে মমতার টুইট: ‘প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি’-দৈনিক আনন্দবাজার

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও  কোলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার

সিবিআই তাঁকে ‘খুঁজছে’। সারদা ও রোজভ্যালি কাণ্ডে কিছু ‘হারানো নথি’র বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে ‘জিজ্ঞাসাবাদ’ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি সংবাদ সংস্থার এই খবরের ভিত্তিতে এবার কলকাতার পুলিশ কমিশনারের হয়ে ব্যাট ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুলে রাজীব কুমারকে ‘বিশ্বের অন্যতম সেরা পুলিশ কমিশনার’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। সম্মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারিও দিয়েছে কলকাতা পুলিশ।

সারদা ও রোজভ্যালি কাণ্ডে বেশ কিছু নথি হারিয়ে যাওয়া নিয়ে কলকাতার নগরপাল রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। শনিবার একটি খবরে এই দাবি করে সংবাদ সংস্থা পিটিআই। পিটিআই-এর দাবি, রাজীব কুমার অফিসেও আসছেন না। এই খবর নিয়েই নানা মহলে শুরু হয় তীব্র বিতর্ক। পিটিআইকে উদ্ধৃত করে প্রায় সব সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩