‘অনশনকারীদের প্রতি একাত্মতা ভিপি নুরের দাবানল জ্বলে ওঠার আগেই ব্যবস্থা নিন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ১০ বছর সাজা থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিল-দৈনিক যুগান্তর
- মাঝরাতে রোকেয়া হলের অনশনকারী ছাত্রীদের হেনস্তা!-দৈনিক প্রথম আলো
- টাঙ্গাইলে প্রধানমন্ত্রী, কুমুদিনী কমপ্লেক্সে ৩১ প্রকল্প উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
- ‘অনশনকারীদের প্রতি একাত্মতা ভিপি নুরের দাবানল জ্বলে ওঠার আগেই ব্যবস্থা নিন-দৈনিক মানবজমিন
- রোকেয়া হলের ঘটনা মিসকনসেপশন-'ব্যালট ভর্তি ট্রাঙ্ক ভোট কেন্দ্রের ভিতরেই ছিল'-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং-দৈনিক আনন্দবাজার-দৈনিক আনন্দবাজার
- বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিনআপ–কংগ্রেস জোট সম্ভাবনা, কর্মীদের দৃষ্টিভঙ্গী জানার চেষ্টা রাহুল গান্ধীর -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের ২৩,০০০ স্কুলে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এ নির্বাচন করা হচ্ছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
২. ‘ইরানি পুঁজি বিনিয়োগকারীদের জন্য শূল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ’...এটি রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডেতে প্রকাশিত একটি খবর। এ প্রেক্ষাপটে ইরান-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাকে যদি তুলে ধরেন।
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
১০ বছর সাজা থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিল-দৈনিক যুগান্তর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আপিলে তার জামিন প্রার্থনাও করা হয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে এ আপিল করেন। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রায় ২০০ পৃষ্ঠার এ আপিল দায়েরের কথা নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, ‘আপিলে বলা হয়েছে- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীদের শুনানির সুযোগ না দিয়ে হাইকোর্ট একতরফাভাবে রায় দিয়েছেন, যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’ বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল আরও বলেন, ন্যায়বিচার হলে তিনি এ মামলা থেকে খালাস পেতেন। এ জন্য তিনি আপিল দায়ের করেছেন। আশা করছি- আপিল বিভাগে তিনি ন্যায়বিচার পাবেন।
গত বছরের ৩০ অক্টোবর এ মামলায় খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদন গ্রহণ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ১০ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল খারিজ করে দেন। রায় ঘোষণার সময় খালেদা জিয়ার কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
ডাকসু নির্বাচন বাতিল দাবিতে অনশন চলছে, একজন অসুস্থ-দৈনিক যুগান্তর
ভোটে কারচুরি, ব্যালট বাক্স ছিনতাই, রাতের আধারে জালভোট, ভোটকেন্দ্র নিয়ন্ত্রণসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল চেয়ে অনশন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন সাত প্রার্থী ও শিক্ষার্থী।মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন। এদিকে অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছে এক শিক্ষার্থী, তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
অনশনকারী সাত শিক্ষার্থীর মধ্যে পাঁচজন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদে নির্বাচন করেছেন। তাদের মূল দাবি ১১ মার্চের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। পাশাপাশি ওই নির্বাচনে দায়িত্বরতদের পদত্যাগেরও দাবি জানিয়েছেন তারা।
দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে,রোকেয়া হলে অনশনরত ছাত্রীদের হেনস্থাকারী ছাত্রলীগ নেতাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি অনশনকারী ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষার্থীদের দাবানল জ্বলে ওঠার আগেই অভিযুক্তদের শাস্তি দিন। আজ দুপুরে রোকেয়া হলের অনশনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি বিশ^বিদ্যালয় প্রশাসনের প্রতি এ আহ্বান জানান।
মাঝরাতে রোকেয়া হলের অনশনকারী ছাত্রীদের হেনস্তা!-দৈনিক প্রথম আলো
অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ফের ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসা রোকেয়া হলের পাঁচ ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। অনশনকারী ছাত্রীদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রলীগ ও ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে তাঁদের হেনস্তা করেন। অনশনকারী শ্রবণা শফিক দীপ্তি বলেন, ‘চারটি দাবিতে আমরা সুশৃঙ্খলভাবে অনশন করছিলাম। গতকাল বুধবার রাতে গোলাম রাব্বানী তাঁর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এখানে এসে আমাদের, সমর্থনকারীদের হেনস্তা করেন। ছবি দেখিয়ে একজনকে চরিত্রহীন প্রমাণের চেষ্টা করেন। আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা মদ-গাঁজা খেয়ে আন্দোলন করছি। এ ছাড়া আমাদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য প্রক্টরকে বলেন।’
ডাকসু ও হল সংসদে পুনর্নির্বাচন, হল প্রভোস্টের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিতে গতকাল রাত নয়টায় আমরণ অনশনে বসেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। তাঁদের মধ্যে চারজন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থী ছিলেন। হলের প্রধান ফটকের সামনে তাঁরা অনশন শুরু করেন। অনশন শুরু করার পর তাঁদের সমর্থনে হলের ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
রোকেয়া হলের ঘটনা মিসকনসেপশন-'ব্যালট ভর্তি ট্রাঙ্ক ভোট কেন্দ্রের ভিতরেই ছিল'-দৈনিক নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলের ঘটনাকে মিস কনসেপশন (ভুল বুঝাবুঝি) বলে জানিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রোকেয়া হলের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সময় নির্বাচনের দিনের আলোচিত সেই তিনটি ট্রাঙ্ক ও উপস্থিত করেন তিনি। নির্বাচনের দিনের ঘটনা বর্ণনায় হলের টিউটর দিল আরা জানান, ব্যালট পেপারের বাক্সগুলো ভোট কেন্দ্রের বাইরে ছিল না। যেখানে পাওয়া গিয়েছিল সেটাও ভোট কেন্দ্রের অংশ। ভেতরের ব্যালট পেপাল শেষ হয়ে যাওয়ায় আমরা সগুলো ব্যবহারের জন্য সেখানে রেখেছিলাম। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা র বিষয়ে তিনি বলেন, হলের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়নি। রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা বলেন, আমি হলের প্রভোস্ট হিসেবে কোনো মামলা শিক্ষার্থীদের বিরুদ্ধে করিনি। মামলার বিষয়টি জেনেছি গণমাধ্যমের কাছ থেকে। কোনো শিক্ষার্থীদের বহিস্কারাদেশ দেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দেয়ার এখতিয়ার কোনো প্রভোস্টের নেই।
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী, কুমুদিনী কমপ্লেক্সে ৩১ প্রকল্প উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রনোদা প্রসাদ সাহা স্বর্ণপদক হস্তান্তর এবং জেলায় ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দিনব্যাপী সফরে এখানে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে কুমুদিনী কমপ্লেক্স হেলিপ্যাডে পৌঁছেন। এখানে পৌঁছার পরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাসায়নিক থেকেই চুড়িহাট্টার আগুন-দৈনিক প্রথম আলো
• পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি ভয়াবহ আগুন লাগে
• আগুনের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে
• আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের তদন্ত কমিটি করে
• বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনের সূত্রপাত রাসায়নিকের গুদাম থেকেই হয়েছিল বলে নিশ্চিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চুড়িহাট্টা মোড়ে কোনো বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল না। পুড়ে যাওয়া গাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল। বিস্ফোরিত কোনো পিকআপের অস্তিত্ব পাওয়া যায়নি। সিলিন্ডার বিস্ফোরণেরও কোনো আলামত পাওয়া যায়নি। আগুন লাগে নন্দকুমার রোডে হাজী ওয়াহেদ ম্যানশনের দোতলার রাসায়নিক গুদাম থেকে।
পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে প্রতিবেদন জমা দেন।
চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন, ২৩০০০ স্কুলে ভোটের উৎসব-দৈনিক মানবজমিন
দেশের ২৩ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় চলছে ভোটগ্রহন। ক্ষুদে শিক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। তাদের প্রতিনিধি নির্বাচনে বেশ কদিন প্রচারণা শেষে আজ ভোটের লাইনে দাঁড়িয়েছে তারা। এ ভোট নিয়ে স্কুলে স্কুলে চলছে উৎসবের আমেজ। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্বাচিত করবে স্টুডেন্টস কেবিনেট। দেশের ২২ হাজার ৯৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ১ লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৮৩৭জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট ভোটার ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮জন।
স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যেন দলভিত্তিক না হয়-সৈয়দ আনোয়ার হোসেন-দৈনিক মানবজমিন
বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, দেশে ২৩ হাজার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় যে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে তা ইতিবাচক। এ উদ্যোগকে স্বাগত জানাই। গণতন্ত্রের চর্চার জন্য শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে নির্বাচনী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করা দরকার। তবে, এ ধরনের নির্বাচন কোনোভাবেই যেন দলভিত্তিক না হয়। দেশে যে দলগুলো আছে এগুলোর শাখা-প্রশাখা স্কুলপর্যায়ে ঢুকে পড়লে এ নির্বাচনেরর উদ্দেশ্য সফল হবে না। বরং বিভেদ সৃষ্টি হবে।
আমি মনে করি কলেজপর্যায়ের নির্বাচনগুলোও দলভিত্তিক হওয়া সঠিক নয়। স্কুল-কলেজের নির্বাচনগুলোতে শিক্ষার্থী তাদের পছন্দ মতো প্রতিনিধি বেছে নেবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
আপ–কংগ্রেস জোট সম্ভাবনা, কর্মীদের দৃষ্টিভঙ্গী জানার চেষ্টা রাহুল গান্ধীর-দৈনিক আজকাল
দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে কংগ্রেস। এমনটাই জল্পনা চলছে কংগ্রেস দলের অন্দরে। যদিও আপের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চায় না। এমনকী আপ আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ছ’জন প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। তবে সূত্রের খবর, কংগ্রেস জোটের বিষয়ে দলের কর্মীদের মনোভাব জানার চেষ্টা করছে। জানা গিয়েছে, শীঘ্রই শক্তি অ্যাপের মাধ্যমে কর্মীদের ফোনে ভয়েস মেসেজ পাঠানো হবে এবং আপ–কংগ্রেস জোট নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গী কি, তা জানার চেষ্টা করবে দল। বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির দীর্ঘদিনের ঘাঁটি ভাঙতে সফল হয়েছে কংগ্রেস। তাই তারা দিল্লিতেও নিজেদের প্রভাব বিস্তার করতে আপের সহযোগিতা চাইছে।
বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
‘বিজেপি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে৷ বাংলার মানুষকে অপমান করার চেষ্টা করছে৷ বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’৷ নির্বাচন কমিশনে গিয়ে বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণা করতে বলায়, বুধবার বিজেপিকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্ন করলেন, ‘ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৯৯ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি৷ সেটা কীভাবে জিতল?’ অভিযোগ করলেন, এরাজ্যের নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপি৷ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে৷
এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বাংলার সংবাদমাধ্যমের উপর নজরদারিরও দাবি জানান বিজেপির প্রতিনিধিরা৷ দাবি করেন, রাজ্য সরকারের চাপে স্বাধীন ভাবে কাজ করতে পারছে না বাংলার সংবাদমাধ্যম৷ ফলে নির্বাচনের সময় বাংলার সংবাদমাধ্যমের উপর নজরদারির জন্য অবজারভার নিয়োগ করা প্রয়োজন কমিশনের৷
ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং-দৈনিক আনন্দবাজার
জল্পনার অবসান৷ বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি৷ উত্তরীয় পরিয়ে তাঁকে নতুন দলে স্বাগত জানালেন বিজেপির এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷
জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা৷ মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন উঠেছিল৷ ওইদিন রাতেই অনুগামীদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার বিধায়ক। বারাকপুরে তৃণমূলের সংগঠন তৈরিতে তাঁর যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে, অনুগামীদের কাছে তা তুলে ধরেন অর্জুন সিং৷ দলের জন্য এত করেও, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, কর্মীদের সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
চিনের বাধা, নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা গেল না মাসুদ আজহারকে-দৈনিক আনন্দবাজার/আজকাল
গত কয়েক সপ্তাহ ধরে চলা রুদ্ধশ্বাস আন্তর্জাতিক চিত্রনাট্যের যবনিকাপতন হল রাষ্ট্রপুঞ্জে। এ বারও চিনের বাধায় জইশ ই মহম্মদ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। এই প্রশ্নে ভারতের পাশে ছিল আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন-সহ বিভিন্ন রাষ্ট্র। কিন্তু ফের চিনের প্রাচীরে ধাক্কা খেয়ে আটকে গেল সেই উদ্যোগ। গোটা ঘটনায় ভারত ‘হতাশ’ বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় আনার এই চেষ্টা প্রথম নয়। গত দশ বছর ধরেই ভারত সরকার বিষয়টির জন্য সওয়াল করে আসছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে। প্রত্যেক বারই হোঁচট খেতে হচ্ছে বেজিংয়ের আপত্তিতে। পুলওয়ামা কাণ্ডের পরে নয়াদিল্লির অতিসক্রিয় কূটনীতির ফলে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মাসুদের ভূমিকা সামনে চলে আসায় প্রধানত আমেরিকা উঠে পড়ে লেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত চিনের বাধায় মাসুদ আজহারকে নিষিদ্ধ করা নিয়ে সংশ্লিষ্ট কমিটিতে ঐকমত্য হয়নি
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪