বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না: তোফায়েল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট-দৈনিক প্রথম আলো
- বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না: তোফায়েল -দৈনিক কালেরকণ্ঠ
- বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৫: -দৈনিক ইত্তেফাক
- বিমানের দুর্নীতিবাজদের আমলনামা সচল:-দৈনিক যুগান্তর
- ভাষানচরে স্থানান্তর রোহিঙ্গাদের ইচ্ছায় হতে হবে: ইউএনএইচসিআর সহকারি হাইকমিশনার-দৈনিক মানবজমিন-
- আশ্বাস বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান শিক্ষকরা-এনটিভিবিডি
ভারতের শিরোনাম:
- স্যাম পিত্রোদার ‘পাকিস্তান মন্তব্যে অস্বস্তিতে কংগ্রেস, তীব্র কটাক্ষ মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- তিনমাস বেতন হয়নি, মোদিকে চিঠি লিখলেন জেট এয়ারওয়েজের বিমানচালকরা -দৈনিক আজকাল
- জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর-দৈনিক সংবাদ প্রতিদিন।
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট-দৈনিক প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রী, চালক ও রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসের যাত্রী রংপুরের চাকরিজীবী আবদুর রব বলেন, রংপুর থেকে বৃহস্পতিবার দুপুরে স্ত্রী রোজিনা আক্তার, দুই বছরের ছেলে রোহানীকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে রাত আড়াইটায় ঢাকার কাঁচপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। পরে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ পর্যন্ত ৪০ কিলোমিটার অতিক্রম করতে সাড়ে পাঁচ ঘণ্টা সময় লেগেছে। দীর্ঘ সময় বাসে বসে থেকে শিশুকে নিয়ে ভুগতে হয়েছে।
বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না: তোফায়েল -দৈনিক কালেরকণ্ঠ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা সদর ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি এখন বিলীনের পথে। একাদশ নির্বাচনের সময় ভোলাতে কয়েক হাজার নেতা কর্মী আওয়ামী লীগের ইতোমধ্যে যোগ দিয়ে ফেলেছে।
ইদানিং আবার বিএনপি ত্যাগ করে অনেকে চলে যাচ্ছে। কেনই বা তাদের দল করবে মানুষ? তারা তাদের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করছে না। আবার বিএনপির চেযারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলার আসামি। এখন আবার দিয়েছে একজন খুনিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে দলটি। আজকের মানুষ বোকা নয়। সব বুঝতে পারে।
বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৫: -দৈনিক ইত্তেফাক
বরিশালে বাস ও মাহিন্দ্রার (ডিজেল চালিত থ্রি হুইলার) সংঘর্ষে বিএম কলেজের এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন আরও চারজন। আহতদের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বরিশাল বানারীপাড়া সড়কের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শিক্ষার্থী শিলা হালদার, সোহেল, খোকন ও মানিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রাটি বরিশাল থেকে বানারীপারার দিকে যাচ্ছিল, অপরদিকে দুর্জয় পরিবহনের একটি বাসটি বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে দুটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
বিমানের দুর্নীতিবাজদের আমলনামা সচল: -দৈনিক যুগান্তর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরো সেক্টরের দুর্নীতির বিরুদ্ধে শিগগির সাঁড়াশি অ্যাকশনে যাচ্ছে মন্ত্রণালয়। ইতিমধ্যে এ চক্রের প্রত্যেকের ‘দুর্নীতির আমলনামা’ মন্ত্রণালয়ের হাতে চলে এসেছে, যা এখন যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে।

প্রথমে পাইলট নিয়োগে বড় ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বিমান ক্রয় ও লিজ খাতে দুনীতি, রক্ষণাবেক্ষণ ও ওভারহোলিং দুর্নীতি, গ্রাউন্ড সার্ভিস খাতে অনিয়ম-দুর্নীতি, টিকিট ও কার্গো বাণিজ্য, মোটা অঙ্কের টাকা নিয়ে জিএসএ ও কার্গো জিএসএ নিয়োগ প্রদান, বৈদেশিক স্টেশনে কার্গো পরিবহনে অনিয়মের তদন্ত করা হবে বলেও মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান।
ভাষানচরে স্থানান্তর রোহিঙ্গাদের ইচ্ছায় হতে হবে: ইউএনএইচসিআর সহকারি হাইকমিশনার-দৈনিক মানবজমিন-
রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরের জন্য কাজ করছে সরকার। তবে এ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে জাতিসংঘ। আর বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের শরনার্থী সংস্থা ইউএনএইচসিআরের সুরক্ষা বিষয়ক সহকারি হাইকমিশনার ভলকার ত্রুক বলেন, ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে ভাষানচরে স্থানান্তর হতে হবে রোহিঙ্গাদের ইচ্ছায়। জাতিসংঘের শরনার্থী সংস্থা ইউএনএইচসিআরের সুরক্ষা বিষয়ক সহকারি হাইকমিশনার ভলকার ত্রুক এর বাংলাদেশ সফর নিয়ে গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউএনএইচসিআর। সংবাদ সম্মেলনে ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তর নিয়ে বাংলাদেশের সঙ্গে এ বিষযে জাতিসংঘের খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। আর এ আলোচনা আমাদের জন্য চালিয়ে যাওয়া জরুরী। কক্সবাজার এলাকাতে যে ক্যাম্পগুলো রয়েছে তা অত্যন্ত ঘনবসতিপূর্ন। এ জন্য বাংলাদেশ সরকার তাদের বসবাসের জন্য যে অন্য ব্যবস্থা করছে তাতে আমরা সাধুবাদ জানাই।
আশ্বাস বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান শিক্ষকরা-এনটিভিবিডি
‘বেতনের সরকারি অংশের (এমপিও) দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। তাঁরা চান, এর আগে সরকার তাঁদের দাবি বাস্তবায়নের জন্য যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়ন করা হোক।

তিন দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এবার তাঁরা দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক-কর্মচারী সেখানে রোদ উপেক্ষা করে অবস্থান করছেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
স্যাম পিত্রোদার ‘পাকিস্তান মন্তব্যে অস্বস্তিতে কংগ্রেস, তীব্র কটাক্ষ মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
নির্বাচনের ঠিক আগে দলের বিদেশ শাখার প্রধান স্যাম পিত্রোদার পাকিস্তান নিয়ে মন্তব্যে নতুন করে বিতর্কে জড়াল কংগ্রেস। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আজ পিত্রোদা জানতে চান, ‘‘বালাকোটে বিমান হামলায় সত্যিই কি ৩০০ জনের মৃত্যু হয়েছে?’’ পাশাপাশি পুলওয়ামা কাণ্ডের জন্য গোটা পাকিস্তানকে দায়ী না করে ইসলামাবাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর পরেই আক্রমণে নেমে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও গাঁধী পরিবারকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘‘পাকিস্তানের জাতীয় দিবস উদযাপনে নেমে পড়েছেন কংগ্রেস সভাপতির সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এবং উপদেষ্টা। আর তা শুরু হল দেশের সেনাবাহিনীকে অপমানের মধ্যে দিয়েই।’’
তিনমাস বেতন হয়নি, মোদিকে চিঠি লিখলেন জেট এয়ারওয়েজের বিমানচালকরা -দৈনিক আজকাল
বহুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছে দেশের অন্যতম বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। এবার তিন মাসের বেতন না পাওয়ার কথা জানা গেল জেটের বিমানচালক ও ইঞ্জিনিয়ারদের মুখেই। আর কোনও উপায় না দেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই নিজেদের সমস্যার কথা জানিয়ে চিঠি লিখলেন জেটের বিমানচালক ও ইঞ্জিনিয়াররা। সেই চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা আবেদন করেছেন যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের জন্য।

জেটের বিমানচালকদের ট্রেড ইউনিয়ন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (ন্যাগ)–এর তরফে প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আশঙ্কা করছি যে কোনও মুহূর্তে এই সংস্থা বন্ধ হয়ে যেতে পারে। এরকম হলে হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বে। জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গেলে বিমানের সংখ্যা কমে যাবে। ফলে ভাড়া বাড়বে। যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হবে। আপনি ব্যবস্থা নিন।’ দু’দিন আগে জেট এয়ারওয়েজ পাইলটরা হুমকি দিয়েছিলেন, ৩১ মার্চ পর্যন্ত বকেয়া বেতন না দেওয়া হলে ১ এপ্রিল থেকে আর কাজ করবেন না তাঁরা।
জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার গম্ভীর-দৈনিক সংবাদ প্রতিদিন।
বিজেপিতে যোগদান করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ দলীয় উত্তরীয় পরিয়ে তাঁকে দলে স্বাগত জানালেন শীর্ষ বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আরও এক কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে লড়তে পারেন গম্ভীর৷
বিজেপিতে যোগ দিয়েই গম্ভীর বলেন, “প্রধানমন্ত্রীই আমায় রাজনীতিতে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন৷ দেশের জন্য কিছু করতে পারলে দারুণ লাগবে৷ এতদিন ক্রিকেটের বাইশ গজে যেভাবে দায়িত্ব পালন করেছি, তেমনই এবার রাজনীতিতে করব৷”

২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি৷ দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সি গায়ে বড় ভূমিকা পালন করেছেন৷ তবে মাঠের বাইরে দেশের যে কোনও ইস্যুতেও নিজের বক্তব্য রাখতে শোনা গিয়েছে তাঁকে৷ পুলওয়ামার ঘটনা থেকে ভারত-পাক বিরোধিতা নিয়ে সবসময় সরব হয়েছেন তিনি৷ এবার সক্রিয় রাজনীতিতে দেশের ভাল করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন গম্ভীর৷ লোকসভা নির্বাচনের আগে গম্ভীরকে দলে যোগ করিয়ে মোক্ষম চাল দিল বিজেপি, মত রাজনৈতিক মহলের একাংশের৷#
পার্সটুডে/বাবুল আখতার/৭