মে ২০, ২০১৬ ১৬:৩৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২০ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

ছয় জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা- প্রথম আলো

শিক্ষক শ্যামল কান্তিকে ঢাকায় স্থানান্তর- যুগান্তর

প্রধানমন্ত্রীর বুলগেরিয়া সফরে ৪ চুক্তি স্বাক্ষরিত- কালের কন্ঠ

সংসদ সদস্য রানাসহ ৪ ভাইয়ের বাড়ির মালামাল জব্দ- সমকাল

শনিবার আঘাত হানবে 'রোয়ানু', ৭ নম্বর বিপদসংকেত-বাংলাদেশ প্রতিদিন

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়-ইত্তেফাক

ওসমান পরিবারের ব্যাপারে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে : শাহরিয়ার কবির - নয়া দিগন্ত

শাহজালালে তিনদফায় দেড় কোটি টাকার স্বর্ণ ও সিগারেট উদ্ধার - কালের কন্ঠ


কোলকাতা:

বামের ধাক্কা, গরমিল জোটের অঙ্কেও- আনন্দবাজার

পরিষদীয় নেত্রী নির্বাচিত হয়ে মমতা গেলেন রাজভবন- সংবাদ প্রতিদিন

রাষ্ট্রসংঘের সতর্কতা: ৪০ বছরে সাগরে তলিয়ে যাবে কলকাতা, মুম্বই-এইসময় অনলাইন

সেনার খোঁচা, মোদি ম্যাজিক শেষ।কারণ মমতা, জয়ললিতা, বামকে হারাতে বি জে পি ব্যর্থ।- দৈনিক আজকাল


 পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।


ছয় জঙ্গিকে ধরতে বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা-প্রথম আলো

ব্লগার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যেন দেশত্যাগ করতে না পারে সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিগত কয়েক বছরে দেশে ব্লগার ও ভিন্ন মতাবলম্বী বেশ কয়েকজন হত্যার শিকার হয়েছে। অনেকগুলো হত্যার সঙ্গে এই ছয়জন জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এদের ধরতে তাই চেষ্টা চালানো হচ্ছে। গত ১৯ মে পুলিশ ছয় সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করে। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়।


কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক সানাউরকে কুপিয়ে হত্যা-ইত্তেফাক

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে হোমিও চিকিৎসক ও বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ তিনজন আহত হন। শুক্রবার সকালে পৃথক দুটি ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইবির অধ্যাপক সাইফুজ্জামানের অবস্থা আশংকাজনক। এসব ঘটনার পরও গতকাল বাংলাদেশ প্রতিদিন অনলাইনের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চেয়ে ভালো'- আইজিপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে।


দোষ না করেও কারাবাসে যে শিশুরা-প্রথম আলো

ছোট্ট দুটি শিশু। আপন দুই ভাই। একজনের বয়স পাঁচ বছর, আরেকজনের সাড়ে তিন। বাড়ির আঙিনায় ইচ্ছেমতো ছুটবে, খেলবে, হাসবে—এই তো হওয়ার কথা। কিন্তু কারাগারের প্রাচীরে আটকে গেছে তাদের উচ্ছলতা। ইচ্ছে হলেই তারা দৌড়াতে পারে না। খেলতে পারে না মনের মতো করে।

কেন তারা আদালতে? কী তাদের অপরাধ? এই শিশু দুটির কারাবাসের কারণ তাদের মা। তিনি মাদক মামলার আসামি। ৯ মে তেজগাঁও থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই শিশু দুটিও তাদের মায়ের সঙ্গে কারাগারে যায়। এরপর থেকে কারাগারই এখন তাদের ঠিকানা। মা কিন্তু সাত মাসের অন্তঃসত্ত্বাও।

এই নারীর মতো প্রতিদিন ঢাকা মহানগরীতে তিন থেকে চারজন নারী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এঁদের অধিকাংশই মাদক মামলা আসামি। গ্রেপ্তার এসব নারীর কোলে থাকে ছোট্ট শিশু। শেষ পর্যন্ত তাদের ঠাঁই হয় কারাগারে।বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার প্রথম আলোকে বলেন, নিয়মিত শিশুরা মায়েদের সঙ্গে কারাগারে যাচ্ছে। অপরাধের সংস্পর্শে আসা মানুষের সঙ্গে তারা বেড়ে উঠছে। এসব শিশুর ভবিষ্যৎ নিয়ে তাঁরা চিন্তিত।


নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ-যুগান্তর

নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকরা। বাসা, অফিস ও নিজ পরিবারের সদস্যদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা চান তারা।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতসহ এক ডজন কূটনৈতিক মিশনের প্রধান নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। বিষয়টির গুরুত্ব বাড়াতে বাংলাদেশে ছুটে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কূটনৈতিক নিরাপত্তাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রেগরি বি স্টার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে তাগিদ দেন।


'বাংলাদেশ ইজ মিরাকল'-বাংলাদেশ প্রতিদিন

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এক সময় এই বাংলাদেশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। বলা হতো- ‘বাংলাদেশ ইজ নাথিং, বাট এ বটমলেস বাস্কেট। কিন্তু সময়ের বিবর্তনে আজ আমরা গর্ব করে বলতে পারছি- বাংলাদেশ ইজ নাথিং, বাট ইজ মিরাকল। যারা বলেছিল বাংলাদেশ হবে গরিব রাষ্ট্রগুলোর মডেল। আজ তারাই বাংলাদেশের বিস্ময়কর উত্থান থেকে অবাক হচ্ছেন। নোবেলজয়ী অর্মত্য সেন বলেছেন, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ পাকিস্তাানের চেয়ে এগিয়ে। কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকেও এগিয়ে। শুক্রবার দুপুরে লায়ন ‘জেলা ৩১৫-বি ৪’র ১৯তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিসমিল্লাহ গ্রুপের মালিকানা বদল- বাংলাদেশ প্রতিদিন

১২০০ কোটি টাকা লুট করে আরব আমিরাতে বিলাসী জীবন ব্যাংকের টাকা কীভাবে ফেরত আসবে কেউ জানে না

ব্যাংকের ১২০০ কোটি টাকা লুটে নিয়ে বিসমিল্লাহ গ্রুপ গোপনে তাদের মালিকানা হাতবদল করেছে। মামলা দায়েরের আগে তদন্ত চলাকালেই গ্রুপের ১১টি প্রতিষ্ঠান সুকৌশলে মালিকানা হস্তান্তরের কাজটি সম্পন্ন করেছে। হাতবদল করেই গ্রুপের কর্ণধারসহ প্রত্যেকেই দেশ থেকে পালিয়ে যান। বিসমিল্লাহ গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ঘটনা দীর্ঘদিন ধরে তদন্ত করলেও নজিরবিহীনভাবে মালিকানা বদলের এই খবর জানে না তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকের ১২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে রাজধানীর তিনটি থানায় মামলা হয় মোট ১২টি। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাগুলো দায়ের করে ২০১৩ সালের ৩ নভেম্বর। তবে মামলার আগেই গ্রুপের মালিকানা হাতবদল করা হয়। তদন্ত শেষে মামলাগুলোর চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।


পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।


একা লড়েই ইতিহাস গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা-বর্তমান

‘কেন্দ্রের বঞ্চনা, অবিচার, বিরোধী জোট, কুৎসা, অপপ্রচার’ আর সঙ্গে সারদা আর নারদের জটিল আবর্তন— সবকিছুকে ছাপিয়ে বাংলার মানুষ দু’হাত তুলে আর্শীবাদ করলেন তাঁকে। দুই-তৃতীয়াংশ আসন জিতে ফের বাংলার মসনদে আসীন হচ্ছেন তিনি। ২০১৬-র বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের প্রত্যাবর্তনের এক এবং একমাত্র ‘হাতিয়ার’ছিলেন মমতাই। তথাকথিত ‘কাগুজে’জোটকে বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে উপড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে মা-মাটি-মানুষ। বাংলার মানুষই বহু আসনে গতবারের চেয়ে তৃণমূলের জয়ের ব্যবধান কয়েকগুণ বাড়িয়েও দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০