খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান বিএনপিপন্থীদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i100360-খালেদা_জিয়াকে_চিকিৎসার_জন্য_বিদেশে_পাঠানোর_আহ্বান_বিএনপিপন্থীদের
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধিদল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৩, ২০২১ ১৫:৪৭ Asia/Dhaka

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধিদল।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এই আবেদন জানান বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল। এর আগে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দেন।   

এ সময় আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশের যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারা বলেন, এ বিষয়টি রাজনীতির দিক থেকে বিবেচনায় না নিয়ে সরকারের উচিত মানবিক দিক থেকে বিবেচনা করা।

জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ব্যাপারে সরকার মানবিক। মানবিক দিক থেকেই বিষয়টি দেখা হচ্ছে। 

আইনজীবীদের দলে ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, এ এম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল), আবেদ রাজা, মো. আব্দুল জব্বার ভুঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী এবং ওমর ফারুক ফারুকী।

রিজভীর নেতৃত্বে বিএনপির মিছিল

ওদিকে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (মঙ্গলবার) সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান।

তাছাড়া, খালেদা জিয়াকে মানবিক কারণে বিনা শর্তে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তি। আজ এক যুক্ত বিবৃতিতে তাঁরা এই অনুরোধ জানান।

সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বিবৃতিতে উল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বাংলাদেশের চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশের বিশেষায়িত হাসপাতালে স্থানাস্তর করা প্রয়োজন বলে জানিয়েছেন। পরিবারের সদস্যরাও তাই মনে করছেন। সুতরাং বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানান সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তাঁরা অতি শিগগিরই খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ প্রদানের জোর দাবি জানিয়েছেন।

সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আশা প্রকাশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে গিয়ে সুচিকিৎসা করার অনুমতি দেবেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত গীতিকার, চলচ্চিত্রকার ও সংস্কৃতিজন গাজী মাজহারুল আনোয়ার, সংস্কৃতিজন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, একুশে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চিত্রনায়ক হেলাল খান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কনক চাঁপা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার মুনশি ওয়াদুদ, ডা. এম এ আজিজ, ড. রেজোয়ান সিদ্দিকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, চলচ্চিত্র পরিচালক হাফিজ উদ্দিন, চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা, সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, গ্রুপ থিয়েটার কর্মী জাহেদুল আলম হিটো, অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা সানু, কণ্ঠশিল্পী জামাল উদ্দিন নাসির (নাসির), নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, চারুকলা শিল্পী রুস্তম আলী প্রামানিক, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র পরিচালক শেখ দিদারুল ইসলাম দিদার প্রমুখ। 

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।