সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী:  বিএনপি  
https://parstoday.ir/bn/news/bangladesh-i106050-সরকারের_সিন্ডিকেটের_কারণে_দ্রব্যমূল্য_আকাশচুম্বী_বিএনপি
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির  প্রতিবাদে  গত এক মাস ধরে দেশজুড়ে  নানা কর্মসূচী পালন শেষে  আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অর্ধ-বেলা  প্রতীকী অনশন কর্মসূচি পালন   করেছে  বাংলাদেশের প্রধান বিরোধী দিল বিএনপি । 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির  প্রতিবাদে  গত এক মাস ধরে দেশজুড়ে  নানা কর্মসূচী পালন শেষে  আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অর্ধ-বেলা  প্রতীকী অনশন কর্মসূচি পালন   করেছে  বাংলাদেশের প্রধান বিরোধী দিল বিএনপি । 

অনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আবারো অভিযোগ করেছেন,  সরকারের সিন্ডিকেটের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে । 

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ব্যর্থ হয়েছে আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে। তাদের পরিপূর্ণ  ব্যর্থতা এবং এবং তাদের সিন্ডিকেটের  লাগামহীন যে লোভ কারণে প্রত্যেকটি জিনিসের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ভয়াবহভাবে যে অবস্থার সৃষ্টি করেছে এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার। তাদেরকে যদি আমরা পরাজিত করতে না পারি, তাদেরকে যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি তাহলে এদেশের মানুষের অস্তিত্ব থাকবে না। ’

এ সময় নেতা কর্মীদেরকে উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে অনশন পালন করে এই সরকারকে জানিয়ে দেন, এই সরকারের উপরে এদেশের মানুষের আর কোন আস্থা নেই। তাদেরকে সরে যেতে হবে। আর একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে। ’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত  প্রতীকী গণ-অনশনে  অংশ নিয়ে  লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ বেড়েছে। মানুষ কষ্টে দিন যাপন করছে। সরকার অসহায়  ভূমিকা পালন করছে। লুটেরাদের কবলে পড়ে দেশবাসী অসহায় ও দিশেহারা। টিসিবির গাড়ীর সামনে জনসাধারণের ভিড় প্রমাণ করে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। 

বিএনপি’র   প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র  করে মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশেপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

এদিকে রমজানে  নিরাপদ  পানিয় এবং  ভেজালমুক্ত খাদ্য ও ইফতার সামগ্রীর নিশ্চয়তা চেয়ে আজ রাজধানীর  চকবাজার এলাকায়  মানব বন্ধন কর্মসূচী পালন করেছে  পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)  সহ  দশটি নাগরিক সংগঠন।  

আন্দোলনের প্রয়োজন নেই, দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে: ওবায়দুল কাদের 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণ-অনশনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমে খবর অনুযায়ী অতিপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। তাই তাদের আন্দোলনের প্রয়োজন নেই, দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে।’
শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

 

রমযানে অতিরিক্ত মোবাইল কোর্ট পরিচালনা করবে  শিল্প মন্ত্রণালয়

পবিত্র রমজান উপলক্ষে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধ করতে অতিরিক্ত মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। 

শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত  করা হবে।ওজন ও পরিমাপে কারচুপি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 

পবিত্র রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে যেমন- মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রয় ও বিতরণের ওপর বিএসটিআইয়ের নজরদারি জোরদার করবে।

ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় যেমন- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরব এলাকায় মোবাইল কোর্ট ও পরিচালনা করা হবে।

তবে,  সরকারের মোবাইল কোর্টের শুভঙ্করে ফাঁকির কথা উল্লেখ করে বাজারে উপস্থিত ক্রেতারা বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দাম কমিয়ে চাইলেও  পরে  তা আবার যে সেই হয়ে যায়।  

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের ৪৬ সদস্যের কমিটি গঠন করেছে এফবিসিসিআই

এদিকে, পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৪৬ সদস্যের কমিটি গঠন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই। 

এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরীকে প্রধান করে এই বাজার কমিটি গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি বাজার মনিটর করার জন্য এফবিসিসিআইয়ের এ কমিটি কাজ করবে।

শনিবার রমজান উপলক্ষে এফবিসিসিআইয়ের আয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভা শেষে কমিটি গঠনের কথা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘সরকার কর কমিয়ে মানুষকে সহনীয় দামে পণ্য দিতে চায়। কর কমল কিন্তু এনবিআরের কেরানিগিরির কারণে শুল্ক ও ভ্যাটছাড়ের সুফল এখনও ব্যবসায়ীরা পাননি। 
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘৪০ শতাংশের মতো সারা বিশ্বে দাম বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ দাম বাড়ছে। এমন পরিস্থিতিতে ঋণপত্রের বিপরীতে ঋণসীমা কমপক্ষে ৩২ শতাংশ বাড়িয়ে দেয়ার প্রস্তাব করে বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। রোজা উপলক্ষে সরকারকে অনুরোধ করা হয়েছিল ট্যাক্স সমন্বয় করা যায় কি না, সরকার সেটা করছে। কিন্তু সেটার প্রতিফলন এখন বাজারে দেখতে  চান ব্যবসায়ীরা।’

জসিম উদ্দিন বলেন, ‘সরকারের সঙ্গে যে প্রতিজ্ঞা ব্যবসায়ীরা করেছেন, যেমন- ভোজ্যতেল, চিনি, চালের মতো পণ্যের দাম সহনীয় থাকবে, সেটি রক্ষা করা উচিত। উৎসব এলে দাম না বাড়িয়ে কমানো উচিত, ব্যবসায়ীরা কেন তা করতে পারে না?’#

পার্সটুডে/এআরকে/২