বিদেশে সেনসেশন তৈরি করতেই গুপ্তহত্যা: জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে প্রবাসীদের এক আনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও তার জোটসঙ্গীরা দায়ী। তারা দেশে অস্থিতিশীলতা তৈরি ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে ‘বেছে বেছে হত্যার’ এই পথ নিয়েছে।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, আজ রোববার দুপুরে টোকিওর ইমপেরিয়াল হোটেলে জাপান প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নিরীহ মানুষ, মন্দির ও গির্জার পুরোহিত, ফাদার, বিদেশি নাগরিকদের হত্যা করার উদ্দেশ্য হচ্ছে যেন বিদেশে সেনসেশন তৈরি হয় এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের প্রশ্নের সম্মুখীন হতে হয়।
গত মাসে কলাবাগানে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির আপন খালাতো ভাই (জুলহাজ) ও তার বন্ধুকে ঘরে ঢুকে হত্যা করল।
“সে আমেরিকান অ্যাম্বাসিতে কাজ করত, পরে ইউএসআইডিতে ছিল। তারা তো আমাদের মতাদর্শেরই। তাদের হত্যা করা হল। কারণ এটা নিয়ে আমেরিকা যেন প্রশ্ন করে।”
উদ্দেশ্যমূলকভাবে গুপ্তহত্যা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “লক্ষ্য একটাই- দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, আর যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করা। আগে প্রকাশ্যে শুরু করেছে। এখন গুপ্তহত্যা শুরু করেছে।”
তবে যতো বাধাই আসুক না কেন যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার আজকে জাতির আকাঙ্ক্ষা। আজকে বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হচ্ছে।
“অনেক বাধা-বিপত্তি আমাদের ওপর এসেছে, কিন্তু আমরা বিচার কাজ চালিয়ে যাচ্ছি।”
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান বক্তব্য রাখেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২৯