বাংলাদেশ- ভারত বাস সার্ভিস পুনরায় চালু
https://parstoday.ir/bn/news/bangladesh-i109050-বাংলাদেশ_ভারত_বাস_সার্ভিস_পুনরায়_চালু
বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (শুক্রবার)  সকাল থেকে পুনরায় চালু হয়েছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুন ১০, ২০২২ ১৩:০২ Asia/Dhaka
  • বাংলাদেশ- ভারত বাস সার্ভিস পুনরায় চালু

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (শুক্রবার)  সকাল থেকে পুনরায় চালু হয়েছে।

আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এ বাস চলাচল করবে। আজ সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন  বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার প্রেক্ষাপটে আজ শুক্রবার ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী এই বাস সার্ভিস আবার চালু হল । এই সার্ভিস আবার চালু হওয়ায় পর্যটক বৃদ্ধি পাবে। মানুষে মানুষে সম্পর্ক জোরালো হবে।

দুই দেশের মধ্যে সাশ্রয়ী-জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এই বাস সার্ভিস, যা ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।

ট্রেন সার্ভিস পুনরায় চালু

এর আগে, দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর পর ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। গত ২৯ চালু হয় ঢাকা-কোলকাতা চলচলকারী মৈত্রী  এক্সপ্রেস  এবং  পহেলা জুন  থেকে চালু হয় পেট্রাপোল খুলনাগামী বন্ধন এক্সপ্রেস।  এ ছাড়া ১ জুন থেকে  চালু হয়েছে  নিউ জলপাইগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে ঢাকাগামী মিতালি এক্সপ্রেস।

মিতালী এক্সপ্রেস উদ্বোধনের পর ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর টুইটে এ পদক্ষেপকে দুই দেশের মধ্যে ঐতিহ্যের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎকে ভাগ করে নেওয়ার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন।#

পার্সটুডে/এআরকে