আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মানুষ ন্যায় বিচার পাচ্ছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i10912-আইন_শৃঙ্খলা_পরিস্থিতি_স্বাভাবিক_মানুষ_ন্যায়_বিচার_পাচ্ছে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। এমনকি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০১, ২০১৬ ১৫:০৩ Asia/Dhaka
  • শেখ হাসিনা (ফাইল ফটো)
    শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। এমনকি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।

আজ (বুধবার) বিকেলে দশম জাতীয় সংসদের একাদশতম ও তৃতীয় বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে সংসদকে লিখিতভাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থার ফলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। ফলশ্রুতিতে শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে দেশি-বিদেশি নাগরিকরা তাদের জীবন-যাপন ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।’

প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ জনসাধারণের সম্পদ ও জীবনের নিরাপত্তা সাধনে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ যেকোন ধরনের অরাজকতা রোধ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সব ধরনের জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমূহকে নির্দেশ দেয়া হয়েছে।’

এ লক্ষ্যে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরস্পরের সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান