আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়ংকর: কাদের
সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট- ‘গণতন্ত্র মঞ্চ’- এর আত্মপ্রকাশ
-
মাহমুদুর রাহমান মান্না
বাংলাদেশে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা , রাষ্ট্র, সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সরকার ব্যবস্থায় সুনির্দিষ্ট সংস্কার আনা ও দেশের জনগণের বাঁচার আশু দাবিসমূহ তুলে ধরার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে সরকার বিরোধী নতুন রাজনৈতিক জোট- ‘গণতন্ত্র মঞ্চ’।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করেন । নতুন জোটে অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে – আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, মাহমুদুর রাহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, কমরেড সাইফুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকীর নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, ড. রেজা কিবরীয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গণতন্ত্র মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এর আগে, শনিবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে নাগরিক ঐক্য, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় সাত দলের নেতারা এ মর্মে ঐকমত্য প্রকাশ করেছে যে, আগামীতে সব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে জোটগত এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তবে , বিরোধীদের রাজপথে আন্দোলনের হুমকির জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে। তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়ংকর।
সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। #
পার্সটুডে/ এ আরকে/ এমএএইচ/৮