আমাদের সামনে একটাই পথ- তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i114246-আমাদের_সামনে_একটাই_পথ_তা_হচ্ছে_এই_সরকারকে_সরিয়ে_দেওয়া_মির্জা_ফখরুল
জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুঃখের বিষয়- শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম, সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০২২ ১৮:১৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুঃখের বিষয়- শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম-ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম, সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ নেছারুল হক।  সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সরফত আলী সপু প্রমুখ।

ওলামা দলের প্রতিষ্ঠার লক্ষ্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। কারণ, এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদের সম্মান দেওয়ার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম যুক্ত করেছিলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তারা ধর্মীয় আচরণ মেনে চলে'।

বিএনপি ধর্মীয় মুল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে মহাসচিব বলেন, ‘আমরা সরকারের থাকা অবস্থায় মসজিদভিত্তিক পাঠাগার নির্মাণ করেছিলাম এবং ইমামদের ভাতা দেওয়া ব্যবস্থা করেছিলাম। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে পাঠাগার নির্মাণ করা হয়েছিল। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে  স্বীকৃতি  দেওয়ার উদ্যোগ আমরা নিয়েছিলাম।’

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘হেফাজত ইসলামকে সরকার কথা দিয়েছিল- তাদের নেতাদের, আলম-ওলামাদের মামলা তুলে নেবে এবং মুক্ত করে দেবে-  সরকার কথা রাখেনি। উল্টো  আলেম ওলামের কিভাবে  নাজেহাল করা যায়, তাদের বিরুদ্ধে  মিথ্যা প্রপাগাণ্ডা করা যায়, নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া যায় -এ সব ফন্দি করছে।’  

বিরোধীদের দমন করতে ৩৫ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যদি সরকার হুকুম না দেয় পুলিশ কিছু করতে পারে না। এর জন্য দায়ী শেখ হাসিনা, সম্পূর্ণ দায় সরকারের। যারা বেআইনি হুকুম দিয়ে এই কাজগুলো করাছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে  বাংলাদেশের যে সমস্যা এটা শুধুমাত্র মুসলমান, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মানুষের নয়। এ সমস্যা গোটা জাতির। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। দেশের গণন্ত্র নেই, আইনের শাসন নেই। দেশে চলছে শুধুমাত্র লুটপাট দুর্নীতি।’

বিএনপি মহাসচীব  আরো বলেন, আমাদের সামনে একটাই পথ- তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এই সরকারকে পরাজিত করা যাবে না। এরা একটি ফ্যাসিস্ট শক্তি। একটি ফ্যাসিস্ট শক্তিকে গণতান্ত্রিক দলের পক্ষে পরাজিত করা খুবই কঠিন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।