জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ (পূর্বাঞ্চলীয় হিন্দের জামাতুল আনসার) নামের নতুন একটি জঙ্গি সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব বলছে, গ্রেপ্তার ওই অর্থ সরবরাহকারীর নাম শাহ মো. হাবিবুল্লাহ হাবিব (৩২)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাড়ি ছেড়ে যাওয়া তিনজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উগ্রবাদী পাঁচটি পুস্তিকা, প্রায় ৩০০ লিফলেট এবং পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও বলেছে, গ্রেপ্তারকৃত মোঃ হাবিবুল্লাহ কুমিল্লায় কুবা মসজিদে নামাজ পড়াতেন। এ ছাড়া তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি ২০২০ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সংগঠনটিতে যুক্ত হন। তাঁর নেতৃত্বে কুমিল্লা অঞ্চলে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হতো। তিনি সংগঠনের জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতেন ও উগ্রবাদী কার্যক্রমে অর্থ সরবরাহ করতেন। পার্বত্য অঞ্চলের নাইক্ষ্যংছড়িতে তিনি প্রায় দুই বছর ধরে একটি মাদ্রাসা পরিচালনা করছেন। তিনি পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র সংগ্রহ করে তাঁর মাদ্রাসায় রাখতেন। তিনি এ পর্যন্ত ১৫ থেকে ২০ জন সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণে পাঠিয়েছেন।
এর আগে গত বুধবার কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নতুন জঙ্গি সংগঠনটির কর্মপদ্ধতি, প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা, উগ্রবাদী বই, ভিডিওসহ ট্যাব উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে আট তরুণ নিখোঁজ হন। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তাঁরা ঘর ছেড়েছেন। এরপর ৬ সেপ্টেম্বর ঘর ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চারজন তরুণকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র্যাব। কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আট তরুণের মধ্যে শারতাজ ইসলাম নিলয় (২২) নামের এক ব্যক্তি ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের নিজ বাড়িতে ফিরে আসেন।
র্যাব বলছে, শারতাজের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অভিযান পরিচালনা করে জঙ্গি সংগঠনের দাওয়াতি, তত্ত্বাবধানকারী, আশ্রয় প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত তিনজন, নিরুদ্দেশ চার তরুণসহ মোট সাতজনকে র্যাব গ্রেপ্তার করে ।
র্যাব আরও জানিয়েছে, বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিরুদ্দেশ হওয়া তরুণের সংখ্যা ৫০ জনের বেশি। তারা প্রায় দেড় মাস থেকে দুই বছরের বেশি সময় ধরে নিরুদ্দেশ বা নিখোঁজ। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।