বাংলাদেশে নতুন কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে নতুন করে কোন নিষেধাজ্ঞা আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম । আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না সরকার। প্রতিমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যে অ্যাংগেজমেন্ট সেটা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা নিয়ে সরকার কাজ করছে। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়ত কারও কারও আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে বিএনপি-জামায়াত পানি ঘোলা করে মাছ শিকারের উদ্যোগ নিয়েছিল বলে অভিযোগ করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, বিরোধী একটি পক্ষ আশা করছিল ৯-১০ ডিসেম্বর আরেকটি নিষেধাজ্ঞা আসবে। ওই তারিখে তারা একটি জনসভা ডেকেছিল। তবে তারা যে কতটা লবিস্ট ও প্রোপাগান্ডা মেশিনের ওপর নির্ভরশীল, এটাই তার প্রমাণ বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিএনপিকে উদ্দেশ্য করে শাহরিয়ার আলম বলেন, কোথাও রাজনীতি করতে হলে জনগণের সমর্থন নিয়ে আসতে হবে, বিদেশি কারও সমর্থন দিয়ে বাংলাদেশে রাজনীতি হয়নি, কোনোদিন হবেও না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, সরকারের প্রথম ইচ্ছা থাকবে সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, আরও গভীর করা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাউপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর গত বছর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
একই প্রেক্ষাপটে বা অন্য কোনো কারণে চলতি বছরও সরকারি সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আশঙ্কা করছে সরকার- এমন বক্তব্য সম্বলিত একটি চিঠি বিদেশে অবস্থানরত বাংলাদেশি রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের পাঠানো হয় অতি সম্প্রতি।#
পার্সটুডে/নিলয় রহমান/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।