জঙ্গিরা আধুনিক তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ফায়দা লুটছে: প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুরনো জঙ্গি সমস্যা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা আধুনিক তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ফায়দা লুটছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় দেশে কোনভাবেই জঙ্গিবাদের স্থান হবে না বলেও জানিয়ে দেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারে এক আন্তর্জাতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, সারাদেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এখান থেকে ২০০ প্রকার ই-সেবা দেয়া হচ্ছে। তথ্য-প্রযুক্তি খাতে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। ফলে পারস্পরিক যোগাযোগ দ্রুত ও সহজতর হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে তথ্যপ্রযুক্তি বান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে। দেশের ৯৯ ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তিও অচিরেই চালু করা হবে।
শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তুলে ধরে তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কনটেন্ট তৈরি নামে দুটি মডেল উদ্ভাবন করা হয়েছে। যার মাধ্যমে দেশের ২৩ হাজার ৩৩১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪ হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় সুবিধা পাচ্ছে ১০ হাজার বিষয়ে ১ লক্ষ পৃষ্ঠার কনটেন্ট নিয়ে জাতীয় ই-তথ্যকোষ তৈরি করা হয়েছে। ৩০০টি পাঠ্যপুস্তক ১০০টির বেশি সহায়ক বই ই-বুকে রূপান্তর করাসহ নানা তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের নির্বাচনী মেনিফেস্টোর অন্যতম অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। ডিজিটাল বাংলাদেশ শব্দটি সজীব ওয়াজেদ জয়ই আমাদেরকে উপহার দিয়েছে। তারই পরামর্শে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ শুরু করি। এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা বলেও জানান শেখ হাসিনা।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৮