আমার গাড়িতে গুলিও করা হয়েছিল: শেখ হাসিনা
-
শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যু বারবার আমার পিছু ছুটেছে, কিন্তু আমি ভীতু ছিলাম না। ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একটার পর একটা গ্রেনেড হামলা চালানো হয়। ১৩টি গ্রেনেড তারা মেরেছে। আমার গায়ে রক্ত দেখে অনেকে ভেবেছে আমি আহত। আল্লাহর রহমতে আমার শরীরে কোনো স্প্লিন্টার লাগেনি। হানিফ ভাইয়ের গায়ে লাগে, তিনি রক্তাক্ত হন।
এ সময় গ্রেনেডের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিলো না। চলে যাওয়ার সময় আমার গাড়িতে গুলিও করা হয়েছিলো। তবে বুলেটপ্রুফ গাড়ি হওয়ায় গুলি লাগেনি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।তিনি বলেন,এর আগে আমাদের মিটিং করতে দেয়া হতো না, হাজার হাজার পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হতো। আর কী আশ্চর্যের বিষয়,সেদিন পুলিশের কোনও তৎপরতাই নাই।
এমনকি আমরা যখন মিটিং করি,তখন আমাদের ভলান্টিয়ারদেরও আশপাশের এলাকার বাড়ি বা অফিসের ছাদেও যেতে দেয়নি তখনকার বিএনপির সরকার। কাউকে সেদিন নিরাপত্তা বলয় সৃষ্টি করতে দেয়নি। এটা কেন দেয়নি? পুলিশ সব সময় (আওয়ামী লীগের মিটিংয়ে) বাধা দিয়েছে, কিন্তু সেদিন পুলিশ নীরব।
আজ (রোববার) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, ওই হামলায় আমরা আইভি রহমানকে হারাই। আওয়ামী লীগের অনেক নেতাকে হারাই।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১