বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় সম্মত বাংলাদেশ-কানাডা
-
শেখ হাসিনার সঙ্গে জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি এস এইচ বি এম নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুরাহায় পৌঁছাতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কানাডা।
আজ (শনিবার) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, গতকাল (শুক্রবার) হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডা সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা ও অটোয়া ঐকমত্য হয়। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, দু’দেশের কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়ে নূর চৌধুরীকে কানাডা থেকে বহিঃসমর্পণের উপায় বের করবেন। আলোচনার লক্ষ্য হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।’
তিনি আরও বলেন, সরকার বিভিন্নভাবে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বহিঃসমর্পণের ব্যাপারে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার মধ্যদিয়ে একটি নতুন দ্বার উন্মোচিত হবে।
পররাষ্ট্র সচিব বলেন, জঙ্গিবাদ ইস্যুকে দুই নেতা একটি ‘বৈশ্বিক সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন তারা বলেছেন, একসাথে কাজ করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।
কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের জঙ্গি বিরোধী অবস্থান এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযানের ভূঁয়সী প্রশংসা করেন বলেও শহীদুল হক জানান।
তিনি আরো জানান, দু’দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ ও গার্মেন্টস পণ্যের রপ্তানীর মতো অন্যান্য বিষয়ে নিয়েও আলোচনা করেন। শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানান। কানাডার প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তাঁর এই আমন্ত্রণ গ্রহণ করেন।
এ ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী বলেন, তিনি ১২ বছর বয়সে তার পিতা ও তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে এলিওট ট্র্র্রুডোর সঙ্গে বাংলাদেশ সফর করেন।
ট্রুডো শেখ হাসিনাকে বলেন, তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তার ১৯৮৩ সালে বাংলাদেশ সফরকালীন বেশকিছু অস্পষ্ট স্মৃতি রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মন্ট্রিল পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্সটুডে/এআর/১৭