নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘে বক্তব্য দেবেন বুধবার
https://parstoday.ir/bn/news/bangladesh-i20587-নিউইয়র্ক_পৌঁছেছেন_বাংলাদেশের_প্রধানমন্ত্রী_জাতিসংঘে_বক্তব্য_দেবেন_বুধবার
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে করে স্থানীয় সময় রোববার বিকেল তিনটায় কানাডা থেকে নিউইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে পৌঁছান তিনি।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০৮:২৪ Asia/Dhaka
  • নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘে বক্তব্য দেবেন বুধবার

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে করে স্থানীয় সময় রোববার বিকেল তিনটায় কানাডা থেকে নিউইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা প্রধানমন্ত্রীর গাড়িবহর হোটেলের দিকে যাওয়ার সময় স্লোগান দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায়। নিউ ইয়র্ক সফরে সেখানেই তিনি থাকবেন।

প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে উদ্বাস্তু ও অভিবাসন সংক্রান্ত সাধারণ পরিষদের উচ্চ পযার্য়ের প্লেনারি বৈঠকে ভাষণ দেবেন। ২০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

তিনি 'গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন: টেকসই উন্নয়ন বিষয়ক এজেন্ডা-২০৩০ বাস্তবায়ন এবং অভিবাসীদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা অর্জন বিষয়ক রাউন্ড টেবিল-৫' এ যৌথভাবে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী পরে হোটেল ম্যারিয়ট ইস্টসাইডে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন।

তিনি জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুম-২-তে সাউথ সাউথ বিষয়ক জাতিসংঘ অফিসে বাংলাদেশ আয়োজিত পাবলিক সার্ভিস ডেলিভারিতে স্কেলিং আপ ইনোভেশনে সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিষয়ক এক বৈঠকে যোগ দেবেন।

২১ সেপ্টেম্বর সুইডিস প্রধানমন্ত্রী স্টিফেন লো ভেশ আয়োজিত ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ বিষয়ক স্যোসাল ডায়ালগ সংক্রান্ত গ্লোবাল ডিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে। তিনি জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুমে পানি বিষয়ক উচ্চ পযার্য়ের এক প্যানেল বৈঠকে যোগ দেবেন।

শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

তিনি আগামী ২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়া যাবেন ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে। ২৫ সেপ্টেম্বর এমিরেট্স এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসির ডুলেস ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্যাগ করবেন।

শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।#

পার্সটুডে/এআর/১৯