‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন সজীব ওয়াজেদ জয়
-
পুরস্কার হাতে সজীব ওয়াজেদ জয়, পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড'-এ ভূষিত হয়েছেন। ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখায় তাকে এই পুরস্কার দেয় হয়।
নিউ ইয়র্কে বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি সোমবার জয়ের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং আমেরিকার কানেকটিকাটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এই পুরস্কারটি দিয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের প্রথম বার্ষিকীতে এই লক্ষ্য অর্জনের পথে প্রতিযোগিতামূলক তথ্যপ্রযুক্তি ও ফ্যাশনের গুরুত্ব নিয়ে নিউইয়র্কের হোটেল মিলিয়েনিয়ামের রিভারভিউ সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
পুরস্কার লাভে সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনার অনেক কিছুই এসেছে সজীব ওয়াজেদের চিন্তা থেকে।
পদক হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় জয় বলেন, এ সাফল্য শুধু তার নয়, বাংলাদেশের সব মানুষের।
ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করার পর আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনেও কম্পিউটার প্রকৌশল পড়েন জয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে সজীব ওয়াজেদ জয়কে ২০০৭ সালে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া। সরকারের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন জয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০