প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ; সকল কার্যক্রম স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i21376-প্রধানমন্ত্রী_শেখ_হাসিনার_জন্মদিন_আজ_সকল_কার্যক্রম_স্থগিত
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। তবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে দলীয় সকল কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ০৫:০৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ; সকল কার্যক্রম স্থগিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। তবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিনে দলীয় সকল কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন।

আজ (বুধবার) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আওয়ামী লীগের আলোচনা সভা এবং সকালে ছাত্রলীগের আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু শোকাহত প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফোন করে এ দুই কর্মসূচিই স্থগিত করার নির্দেশ দেন।

এদিকে আওয়ামী লীগের কাউন্সিল সামনে রেখে সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল। একই কারণে স্থগিত করা হয়েছে আলোকসজ্জার কর্মসূচিও।

এ ব্যাপারে আওয়ামী লীগের বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কবির প্রতি শ্রদ্ধা জানাতেই দেশে তার জন্মদিন উপলক্ষে দলের নেয়া কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন। ফলে আজ ছাত্রলীগের আনন্দ মিছিল এবং আওয়ামী লীগের আলোচনা সভা হচ্ছে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদীবিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার শৈশবকাল কাটে পিত্রালয়ে। ৫৪’র নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মার সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। 

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করায় কিশোরী বয়স থেকেই তার রাজনীতিতে পদচারণা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮