ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক: ব্যারিস্টার মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i41772-ষোড়শ_সংশোধনী_বাতিলের_রায়_ঐতিহাসিক_ব্যারিস্টার_মওদুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় ঐতিহাসিক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতাসীন, সেই প্রেক্ষাপটে এই রায় দেশের সকল শ্রেণির মানুষের মনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ০৮:১৪ Asia/Dhaka
  • বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ
    বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় ঐতিহাসিক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতাসীন, সেই প্রেক্ষাপটে এই রায় দেশের সকল শ্রেণির মানুষের মনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, কাদের হাতে আমরা বিচারকদের অপসারণের দায়িত্ব দিতে চাই? এই সংসদ? যারা অধিকাংশই নির্বাচিত নন, তাদের কাছে? সরকার চেয়েছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারবিভাগকে করায়ত্ত ও নতজানু করতে। যাতে করে উচ্চ আদালতও নিম্ন আদালতের মতো তাদের কথা শুনে, ভয় পায়, যাতে তারা সরকারের বিরুদ্ধে কোনো রায় না দেয়।

 

বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আইন করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকরা এখনো আইন মন্ত্রণালয়ের অধীনে থাকেন। বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে অর্জন সম্ভবপর হবে না যতদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা রক্ষা করার সমস্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর অর্পিত না হবে।

 

নিম্ন আদালতের বর্তমান অবস্থা তুলে ধরে মওদুদ বলেন, যদিও বিচারবিভাগ পৃথক করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এখনো পৃথকীকরণ সম্ভবপর হয়নি। সেজন্য মাঝে মধ্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ প্রশাসনের কাছে জিম্মি। মাঝে মাঝে তিনি ক্ষোভও প্রকাশ করেন।

 

আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উনারা (সরকার) বলেছেন যে ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম দেশে বিচার বিভাগের স্বাধীনতা আছে। অথচ আমাদের অ্যাটর্নি  জেনারেল বললেন- এই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি। ষোড়শ সংশোধনী বাতিলের রায় দশম সংসদের বিরুদ্ধে ‘চপেটাঘাত’ বলে মন্তব্য করেন মান্না।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯