অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ম্যাচ সেরা সাকিব
-
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম জয় উদযাপন করছেন সাকিব আল হাসান
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে টেস্ট ক্রিকেটের অভিজাত সদস্য অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।
মিরপুর টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুলদের ঘূর্ণির সামনে ২৪৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি এবং তাইজুল ইসলাম ১টি উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২১ রানে অলআউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৬৫।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পথ হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২৮ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। অসি ওপেনার ম্যাট রেনশকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে উসমান খাজাকে ফেরান সাকিব আল হাসান। তবে নবম ওভারে মিরাজের নিচু হয়ে আসা বলটা ঠেকাতে পারেননি অসি ওপেনার। বল গিয়ে লাগে তাঁর প্যাডে। ফিল্ডারদের আবেদনে সাড়া দিতে দেরি হয়নি আম্পায়ারের। পরের ওভারে সাকিবকে উড়িয়ে মারতে যান উসমান খাজা।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। সেখান থেকে ১৩০ রানের দারুণ একটা জুটি গড়ে ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার কাজটা করেন ওয়ার্নার-স্মিথ। তবে দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনের সময় দারুণভাবে ফিরে এলেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জয়ের পথে রাখেন তিনি। এশিয়ায় ওয়ার্নারের এটি দ্বিতীয় শতক।
তবে চতুর্থ দিনের প্রথম সেশনেই আবার খেলায় ফিরে বাংলাদেশ। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্বদের ফিরিয়ে ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামরা।
সাকিব আল হাসানের বলে লেগবিফোর হয়ে ফিরে যান ওয়ার্নার। আউট হওয়ার আগে ১১২ রান করেন এই অসি ব্যাটসম্যান। কয়েক ওভার পর অধিনায়ক স্টিভেন স্মিথকেও সাজঘরমুখী করেছেন সাকিব। পিটার হ্যান্ডসকম্বকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি তাইজুল ইসলাম।
দ্রুত তিনটি উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে যায় অস্ট্রেলিয়া।আর বাংলাদেশ শিবিরে জেগে ওঠে জয়ের আশা। এরপর উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকেও ফেরান সাকিব। রিভিউ নিলেও বাঁচতে পারেননি অসি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এরপর নিজের বলে অ্যাশটন অ্যাগারের ক্যাচ নিয়ে বাংলাদেশের সম্ভাবনা আরো জোরদার করেন তাইজুল।
এরপর নাথান লায়ন ও প্যাট কামিন্স ২৯ রানের জুটি বাঁধলেও মিরাজ ফিরিয়ে দেন লায়নকে। শেষ উইকেট জুটিতে কামিন্স বড় কয়েকটি শট মারলেও হ্যাজেলউডকে ফিরিয়ে টাইগারভক্তদের আনন্দে ভাসান তাইজুল ইসলাম। সাকিব আল হাসান নেন ৫ উইকেট। এ ছাড়া তাইজুল তিনটি ও মিরাজ নেন দুটি উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান এবং দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার।’ টেস্টে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পর মাঠেই তিনি এই প্রতিক্রিয়া জানান।
বাংলাদেশের খেলা দেখতে আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলায় ৭০ তম ওভারের সময় তিনি তার জন্য নির্ধারিত বক্সে ঢোকেন। তাইজুল ইসলামের বলে জশ হ্যাজলউড এলবিডাব্লিউ হওয়ার সঙ্গে পুরো মাঠের সঙ্গে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠেন প্রধানমন্ত্রীও। বাংলাদেশের পতাকা হাতে উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ফোনে তাকে কারও সঙ্গে আনন্দটা ভাগাভাগিও করতে দেখা গেছে।#
পার্সটুডে/এআর/৩০