বড় শাস্তি পেলেন ক্রিকেটার সাব্বির, তামিমের ৫ লাখ টাকা জরিমানা
https://parstoday.ir/bn/news/bangladesh-i50707-বড়_শাস্তি_পেলেন_ক্রিকেটার_সাব্বির_তামিমের_৫_লাখ_টাকা_জরিমানা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়া ২০ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। উইকেটের সমালোচনা করায় তামিম ইকবালকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৫:২৬ Asia/Dhaka
  • তামিম ইকবাল ও সাব্বির রহমান
    তামিম ইকবাল ও সাব্বির রহমান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়া ২০ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। উইকেটের সমালোচনা করায় তামিম ইকবালকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ (সোমবার) সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাব্বিরের শাস্তি প্রসঙ্গে পাপন বলেন, ‘সাব্বিরের বিষয়ে আমাদের শৃঙ্খলা কমিটি ইতোমধ্যোই সিদ্ধান্ত নিয়েছে। হিয়ারিং হয়েছে, আমরা ম্যাচ রেফারির রিপোর্টও পেয়েছি। তার ব্যাপারে প্রস্তাব যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেখান থেকে ও বাদ পড়ছে। সাব্বির আমাদের ন্যাশনাল কন্ট্রাক্টের প্লেয়ার আর থাকছে না। প্লাস তারা বলেছে ২০ লাখ টাকা জরিমানা। তাকে ক্যাশ টাকা দিতে হবে। তারপর বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না ৬ মাসের জন্য। তারমানে সে প্রিমিয়ার লিগও খেলতে পারছে না। অর্থাৎ বড় রকমের অর্থনৈতিক ক্ষতির মুখে সে পড়তে যাচ্ছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সম্প্রতি রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এক কিশোরকে লাঞ্ছিত করেছেন সাব্বির রহমান। শুধু তাই নয়, হেয়ারিংয়ের সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও বাজে আচরণ করেন তিনি। ঘটনার পরই ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে মাঠের আম্পায়ার বিষয়টি অবগত করেন। ম্যাচ রেফারি বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগ বরাবর একটি প্রতিবেদন দেন যাতে বলা হয়েছে সাব্বির বিসিবি’র আচরণবিধির লেভেল-৪ ভঙ্গ করেছেন।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেটের সমালোচনা করায় জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামে ওয়ারনিংও ইস্যু করা হয়েছে।

সোমবার রাজধানীর বেক্সিমকোতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন তামিম। আর রংপুর রাইডার্স ও কুমিল্লার মধ্যকার একটি ম্যাচ শেষে ড্যাশিং এ ব্যাটসম্যান উইকেটকে জঘন্য বলেছিলেন। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের ওই ম্যাচে রংপুর দলীয় ১০০ রানে কমে অলআউট হয়েছিল। পরে ব্যাটিং করা কুমিল্লা জয় পেলেও, তাদের বেশ ভুগতে হয়েছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১