শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i51617-শ্রীলঙ্কাকে_১৬৩_রানের_বিশাল_ব্যবধানে_হারিয়ে_ফাইনালে_বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারাল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। টানা দুই জয়ে দুই ম্যাচ বাকি রেখেই ফাইনালে উঠেছে টাইগাররা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৮ ১৫:৫৬ Asia/Dhaka
  • শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারাল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। টানা দুই জয়ে দুই ম্যাচ বাকি রেখেই ফাইনালে উঠেছে টাইগাররা।

রাজধানী ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (শুক্রবার) দুপুর ১২টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছেন ৭১ রান। ১৫তম ওভারে ৩৫ রান করে আউট হন বিজয়। এরপর তামিম ও সাকিব মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান। শতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে তামিমকে। ৩০তম ওভারে তিনি আউট হয়েছেন ৮৪ রান করে।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল

তবে লঙ্কান বোলারদের স্বস্তি দেননি সাকিব-মুশফিকরা। তৃতীয় উইকেটে তাঁরা গড়েন ৫৭ রানের জুটি। ৩৮তম ওভারে সাকিব আউট হয়ে যান ৬৭ রান করে। এরপরও বাংলাদেশ দেখেছে আরো একটি অর্ধশতকের জুটি। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে মুশফিক যোগ করেন ৫০ রান। যার মধ্যে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৪ রান। ৫২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ৪৭তম ওভারে আউট হয়েছেন মুশফিক। শেষপর্যায়ে সাব্বির রহমানের ১২ বলে ২৪ রানের ইনিংসটির সুবাদে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩২০ রান।

৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২.২ ওভার খেলে মাত্র ১৫৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। ওপেনার কুশল পেরেরাকে তৃতীয় ওভারেই সাজঘরমুখী করেন নাসির হোসেন। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন উপুল থারাঙ্গা ও কুশাল মেন্ডিস। কিন্তু অধিনায়ক মাশরাফির জোড়া আঘাতে কেঁপে ওঠে লঙ্কান শিবির। আউট হওয়ার আগে থারাঙ্গা করেন ২৫ রান আর মেন্ডিসের সংগ্রহ ১৯ রান।

রুবেল হোসেনের উদযাপন

১৯তম ওভারে শ্রীলঙ্কাকে আবার ধাক্কা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন নিরোশান ডিকওয়েলাকে (১৬)। ২৫তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরে যান অধিনায়ক দিনেশ চান্দিমাল (২৮)। পরের ওভারে বল হাতে নিয়ে সাকিব আরও ধ্বংসযজ্ঞ চালান লঙ্কান শিবিরে। টানা দুই বলে আউট করেন আসেলা গুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ৩০তম ওভারে শ্রীলঙ্কার শেষ আশা থিসারা পেরেরাকে আউট করেই জয় নিশ্চিত করে ফেলেন সাকিব। পেরেরা মাত্র ১৪ বলে ২৯ রান করেন। পরপর দুই ওভারে সুরঙ্গা লাকমল ও ধনঞ্জয়ার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় এনে দিয়েছেন রুবেল হোসেন।

৬৩ বলে ৬৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯